গোরক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অসহিষ্ণুতা, বিশেষ করে গোরক্ষাকে কেন্দ্র করে ২০১৬ সালে ভারতে সহিংসতার ঘটনা বেড়েছে। কিন্তু সেই তুলনায় গোরক্ষকদের বিরুদ্ধে দেশটির প্রশাসন ব্যবস্থা নেয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট’-এ উঠে এসেছে এ তথ্য। গত মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ২৯টি রাজ্যের ২৪টিতে ‘গোহত্যায় পক্ষপাতমূলক নিষেধাজ্ঞা ও শাস্তির ব্যবস্থা আরোপ করা হয়েছে’। ধর্মীয় অসহিষ্ণুতাকে কেন্দ্র করে সহিংসতার জন্য প্রতিবেদনে দায়ী করা হয়েছে গোরক্ষা আন্দোলনের পক্ষে প্রচারণা এবং এ-সংক্রান্ত আইনকে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যকে উদ্ধৃত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে দেশটিতে ভিন্ন ধর্মের সদস্যদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে ৭৫১টি। এতে ৯৭ জনের মৃত্যু হয়। আহত হয় ২ হাজার ২৬৪ জন। এর আগের বছরে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে ৬৪৪টি। এতে ৯৫ জন নিহত ও ১ হাজার ৯২১ জন আহত হয়। সহিংসতা বাড়ার খতিয়ান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গরুর মাংসের ক্রেতা, ব্যবসায়ী ও চোরাকারবারিদের ওপর ‘গোরক্ষকেরা’ হামলা করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা ফৌজদারি আইনের আশ্রয় নেয়নি কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর সদস্যরা মূলত এই গোরক্ষকদের সহিংসতার শিকার হয়েছে। তাদের হত্যা, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও তাদের সহায়-সম্পত্তি নষ্টের অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া ভারতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদেরও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের ওপর হামলা করছে বলেও প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে।