গোর্খাল্যান্ড গড়ার দাবি সমর্থন বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিংকে ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবি সমর্থন করেছে লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী ও বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এবারের লোকসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে গগকাল বুধবার প্রথম পা রাখেন দার্জিলিংয়ে।
দার্জিলিংয়ে সুরিন্দর সিং আলুওয়ালিয়া সাংবাদিকদের বলেন, পৃথক রাজ্যের দাবি তোলা অসাংবিধানিক নয়। বিজেপি ক্ষমতায় গেলে এই দাবিকে বিবেচনা করবে। তিনি পাহাড়ে জনমুক্তি মোর্চার নেতাদের ধরপাকড়, গ্রেপ্তার, নেতাদের বিরুদ্ধে হুলিয়া জারির কঠোর সমালোচনা করেন।
দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা দীর্ঘদিন ধরে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলন করে এলেও এই রাজ্য ভাঙার পক্ষে সায় দেয়নি শাসক তৃণমূল কংগ্রেস বা বামদল। মোটকথা পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলই চাইছে না দার্জিলিং ভেঙে পৃথক রাজ্য গড়তে। তবে জনমুক্তি মোর্চা এই দাবিতে অনড় রয়েছে।
২০০৯ সালেও বিজেপি বলেছিল, ক্ষমতায় গেলে তারা পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিকে বিবেচনা করবে। কিন্তু ওই সময় তারা ক্ষমতায় যেতে পারেনি। এবার তৃণমূল, জাতীয় কংগ্রেস ও বামদলের কাছ থেকে পৃথক রাজ্য গড়ার ব্যাপারে কোনো সাহায্যের আশ্বাস না পাওয়ায় জনমুক্তি মোর্চার নেতারা ছুটে যান বিজেপির কাছে। বিজেপি পৃথক রাজ্য গড়ার দাবিকে বিবেচনার আশ্বাস দেওয়ায় জনমুক্তি মোর্চা বিজেপি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেয়।