গোয়েন্দা সক্ষমতা বাড়ানো জরুরি: মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, এ সপ্তাহে দিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে যে ভারতের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। গতকাল শনিবার নয়াদিল্লিতে জাতীয় ঐক্যবিষয়ক এক বহুদলীয় সমাবেশে তিনি এ কথা বলেন।দিল্লি হাইকোর্টের বাইরে বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার তিন দিন পর ওই সমাবেশে মনমোহন বলেন, ‘গত বুধবার দিল্লিতে ওই সন্ত্রাসী হামলা আমাদের জোরালোভাবে মনে করিয়ে দিয়েছে যে গোয়েন্দা নজরদারিতে কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়মিতভাবে আধুনিকায়ন ও শক্তিশালী করতে হবে। গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থাগুলো যাতে নিত্যনতুন পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সে চেষ্টা করতে হবে।’ভারতের বড় বড় শহরে একের পর এক বড় ধরনের সন্ত্রাসী হামলা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের অক্ষমতার কারণে কঠোর সমালোচনার মুখে রয়েছে মনমোহনের সরকার। যদিও ২০০৮ সালে মুম্বাই হামলার পর অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের সংস্থাগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয়টি জোরদার করতে সরকার অনেক কাজ করেছে। এ ছাড়া উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পরও অনেক ঝুঁকি রয়ে গেছে বলে স্বীকার করেন মনমোহন।বিশেষজ্ঞরা বলেছেন, পর্যাপ্ত অর্থের অভাব, প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান-প্রদানে পিছিয়ে রয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। বিশেষ করে পুলিশ। এএফপি।