গোয়েন্দাবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনাই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে গেছেন। গোয়েন্দা কর্মকাণ্ডবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিনি এ সফরে গেছেন বলে পাকিস্তানের সেনা মুখপাত্র জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের পাকিস্তানে সামরিক সহায়তা স্থগিতের ঘোষণার কয়েক দিন পর ওয়াশিংটন গেলেন পাশা। পাকিস্তান অবশ্য বলেছিল, মার্কিন সহায়তা ছাড়াই তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে।গত ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডোরা। এর পর থেকে ওয়াশিংটন-ইসলামাবাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তখন থেকে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা জোরের সঙ্গে দাবি করছেন, লাদেনের প্রতি আইএসআইয়ের একটি অংশের সমর্থন ছিল বলে তাঁদের সন্দেহ। সম্প্রতি পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মানববিহীন বিমান (ড্রোন) থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায়ও দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়ে। পাকিস্তান এ ধরনের হামলার ঘোর বিরোধিতা করে আসছে।পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস বার্তা সংস্থা এএফপিকে শুধু বলেন, ‘আইএসআইয়ের প্রধান সুজা পাশা গোয়েন্দা কর্মকাণ্ডবিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন।’তবে নিরাপত্তাবিষয়ক একজন কর্মকর্তা বলেন, ‘পারস্পরিক সহায়তার জন্য আস্থা, শ্রদ্ধা ও সমতার ওপর ভিত্তি করেই আমাদের সম্পর্ক হওয়া প্রয়োজন।’মার্কিন অভিযানে লাদেন নিহত হওয়ার পর পাকিস্তানে অবস্থানরত বেশ কয়েকজন মার্কিন সামরিক প্রশিক্ষককে সে দেশ ত্যাগের নির্দেশ দেয় ইসলামাবাদ। এর জবাবে পাকিস্তানের জন্য প্রতিশ্রুত বার্ষিক সামরিক সহায়তার তৃতীয় কিস্তি ৮০ কোটি মার্কিন ডলার স্থগিত করেছে ওয়াশিংটন। এই অর্থের মধ্যে আফগান সীমান্তে মোতায়েন এক লাখেরও বেশি পাকিস্তানি সেনার খরচ বাবদ ৩০ কোটি ডলারও রয়েছে। আফগান-পাকিস্তান সীমান্তে তালেবান ও আল-কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে এসব সেনা মোতায়েন করা হয়েছে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কয়েক দিন পরই ওয়াশিংটন গেলেন আহমাদ পাশা। যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে বার্ষিক ২৭০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার কথা।গত সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতার বলেন, মার্কিন সামরিক সহায়তা বন্ধ করা হলে তাঁরা আফগানিস্তান সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেবেন। তিনি বলেন, আর্থিক সহায়তা ছাড়া প্রত্যন্ত অঞ্চলে সেনা মোতায়েন রাখার সামর্থ্য পাকিস্তানের নেই।বিশ্লেষক হাসান আসকারি বলেন, আহমাদ পাশার ওয়াশিংটন সফর দুই দেশের মধ্যে বর্তমান টানাপোড়েন থেকে বেরিয়ে আসা এবং উভয়ের জন্য গ্রহণযোগ্য একটি পর্যায়ে পৌঁছানোর চেষ্টার অংশ।বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর প্রচণ্ড চাপ পড়বে। বিবিসি, এএফপি, রয়টার্স।