গ্যাগারিনের মহাকাশ অভিযানের সুবর্ণজয়ন্তী উদ্যাপন
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, মহাকাশ অভিযান এখনো রাশিয়ার অগ্রাধিকারের মধ্যে রয়েছে। গতকাল মঙ্গলবার রুশ নভোচারী ইউরি গ্যাগারিনের মহাকাশ অভিযানের ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে (আইএসএস) অবস্থানরত নভোচারীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘আমরা প্রথম মহাশূন্যে গিয়েছি। আমাদের অনেক অর্জন রয়েছে। আমরা আমাদের অর্জিত সুবিধা হারাতে চাই না।’ ভিডিও-সংযোগের মাধ্যমে তিনি আইএসএসের নভোচারীদের সঙ্গে কথা বলেন। মেদভেদেভ তাঁদের উদ্দেশে বলেন, মহাকাশ অভিযানের জন্য রাশিয়া সম্পদের ব্যবহার করে যাবে।এর আগে মেদভেদেভ বলেছিলেন, গ্যাগারিনের মহাকাশ অভিযান ছিল একটি ‘বৈপ্লবিক’ ঘটনা। যা সারা বিশ্বকে বদলে দিয়েছে।১৯৬১ সালের ১২ এপ্রিল প্রথম মানুষ হিসেবে মহাকাশে গিয়ে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন গ্যাগারিন। মহাকাশ বিজ্ঞানের এই অবিস্মরণীয় ঘটনাকে গর্বের সঙ্গে আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে রাশিয়ার পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়।মস্কোর স্থানীয় সময় সকাল নয়টা সাত মিনিটে ওই মহাকাশ অভিযান শুরুর আগে ইউরি গ্যাগারিন উচ্চারণ করেছিলেন, তাঁর সেই বিখ্যাত উক্তি ‘লেটস গো’। ১০৮ মিনিটের ওই মহাকাশ অভিযান তাঁকে দিয়েছে ঐতিহাসিক অমরত্ব। অভিযানের পর থেকে ৫০০ জনেরও বেশি নর-নারী তাঁর পদাঙ্ক অনুসরণ করেন।ক্রেমলিনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘৫০ বছর আগে গ্যাগারিন মানব ইতিহাসে নতুন যুগের সূচনা করেছিলেন।’ অনুষ্ঠানে সাবেক নভোচারীরা যোগ দিয়েছিলেন। এমন কী গ্যাগারিনের নিভৃতচারী স্ত্রী ভ্যালেনটিনাও অনুষ্ঠানে যোগ দেন।রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান আনাতোলি পারমিনভ বলেন, ওই অভিযান ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, ওই অভিযান মানবজাতির অগ্রগতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছিল।এদিকে রাশিয়ার মহাকাশ কর্মসূচির সঙ্গে জড়িত সাবেক কর্মকর্তারা গত সোমবার রাতে মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র কাজাখস্তানের বৈকোনুর কসমোড্রোমে সমবেত হয়েছিলেন।শুধু ইউরি গ্যাগারিনের বীরত্বের বন্দনা করেনি রুশরা। যে রকেটে চড়ে গ্যাগারিন মহাকাশ অভিযানে গেছেন, সেই রকেটের স্রষ্টা সোভিয়েত রকেট প্রকৌশলী সের্গেই কোরোলেভকেও স্মরণ করেছে তারা। এএফপি।