গ্যাগারিনের সেই অভিযান নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিনের ঐতিহাসিক মহাকাশ অভিযান শেষে পৃথিবীতে তাঁর অবতরণ স্থান নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়ন বিশ্ববাসীকে মিথ্যা তথ্য দিয়েছিল বলে দাবি করেছেন একজন রুশ গবেষক। আন্তন পারভাসিন নামের ওই গবেষক ও সাংবাদিক তাঁর লেখা ১০৮ মিনিটস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড বইয়ে এ দাবি করেন। ইউরি গ্যাগারিনের মহাকাশ অভিযানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বইটি প্রকাশ করা হয়।বইটিতে বলা হয়েছে, ১৯৬১ সালে তৎকালীন সোভিয়েত সরকার ঘোষণা করেছিল, ১০৮ মিনিটের অভিযান শেষ করে ইউরি গ্যাগারিন সফলভাবে পূর্বনিধারিত জায়গায় অবতরণ করেন। সরকারের দাবি ছিল, ক্যাপসুলে বসা অবস্থায় গ্যাগারিন মাটিতে নামেন। কিন্তু সাংবাদিক পারভাসিন বলেছেন, সরকারের ওই ঘোষণা ছিল মিথ্যা। তিনি বলেন, অভিযান শেষ করে পৃথিবীর দিকে রওনা হলে নিয়ন্ত্রণকক্ষের বিজ্ঞানীরা হিসাব কষে বুঝতে পারেন গ্যাগারিন তাঁদের নির্দেশিত জায়গায় নামছেন না। নতুন হিসাব অনুযায়ী নির্ধারিত জায়গা থেকে আড়াই শ মাইল দক্ষিণে অবতরণ করার কথা তাঁরা জানান। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও গ্যাগারিন নামেননি। তিনি নেমেছিলেন আরও প্রায় আড়াই শ মাইল দক্ষিণে। তবে এ সত্য চেপে গিয়েছিল মস্কো। টেলিগ্রাফ অনলাইন।