গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলায় ছগিরুর রশিদ চৌধুরী (৩৮) নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে কয়েকজন যুবক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ছগিরুরের অভিযোগ, গতকাল শুক্রবার রাতে তাঁরা তাঁকে মিরপুর এলাকা থেকে ধরে নিয়ে মারধর করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে যান। ছগিরুর মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা। তিনি গ্রামীণ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। মিরপুর কিডনি ফাউন্ডেশনের সামনে দুটি সাদা মাইক্রোবাসসহ সাত-আটটি মোটরসাইকেলে কয়েক যুবক তাঁর গতি রোধ করেন। জোর করে তুলে নিয়ে চোখ বেঁধে তাঁর শরীরে আঘাত করা হয়। মারধরের একপর্যায়ে বলা হয়, ‘তুই কেন ইউনূসের পক্ষে কথা বলেছিস? কেন তাঁকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানিয়েছিস?’ পরে যুবকেরা ছগিরুরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল-সংলগ্ন সড়কে রেখে যান। এরপর তিনি মিরপুরে গিয়ে অন্যান্য কর্মকর্তাকে বিষয়টি জানালে তাঁরা তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান।গত বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানানো হয়েছিল। সেখানে ছগিরুর উপস্থিত ছিলেন।গতকাল রাতে যোগাযোগ করা হলে মিরপুর থানার এসআই ইয়াছিন গাজী জানান, ছগিরুর রশিদ থানায় অভিযোগ করেছেন।