
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা শহরাঞ্চলে কমলেও গ্রামে তা বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠান সিএনএন-আইবিএন-সিএসডিএস পরিচালিত যৌথ জনমত জরিপে এ কথা বলা হয়েছে। জরিপে বলা হয়, ৩৯ শতাংশ ভোটার মমতার সরকারকে পছন্দ করছেন। আর বামফ্রন্ট সরকারকে পছন্দ করছেন ২৯ শতাংশ ভোটার। এতে বলা হয়, এই মুহূর্তে লোকসভার নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস ২৩-২৭টি আসন, বামফ্রন্ট ৭-১১টি ও বিজেপি দুটি আসন পেতে পারে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতার নেতৃত্বাধীন তৃণমূল পেয়েছিল ১৯টি, কংগ্রেস ছয়টি ও বাম ফ্রন্ট ১৫টি আসন। বিপরীতে বিজেপি পেয়েছিল একটি আসন। ওই জরিপে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি (চিট ফান্ড) ঠিকমতো সামলাতে পারেনি সরকার। ফলে পরিবর্তনের স্লোগান তুলে ক্ষমতায় এসেও দীর্ঘ দুই বছরে তেমন পরিবর্তন ঘটাতে পারেনি মমতা সরকার। আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে জনমত যাচাই শুরু করেছে বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান।