মিয়ানমারের সিত কুইন গ্রামে প্রায় দুই হাজার মানুষের বাস। তাদের মধ্যে মুসলিম শ খানেক। দেশটির মধ্যাঞ্চলে দাঙ্গা ছড়িয়ে পড়লে অন্য মুসলিমদের সঙ্গে তারাও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। বৌদ্ধ দুষ্কৃতকারীরা মুসলিমদের বহু ঘরবাড়ি, দোকানপাট ও মসজিদ ভেঙে দিয়েছে। আর প্রাণের ভয়ে তারা পালিয়ে গিয়ে বিভিন্ন আশ্রয়শিবির কিংবা কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। অনেকে নিহত হয়েছে।সিত কুইন গ্রামের বাসিন্দা অং কো মাইন্ত বলেন, তারা কোথায় গেছে, কেউ তা জানে না। অন্য এলাকায় মুসলিমরা বৌদ্ধদের হত্যা করছে, এমন অভিযোগ এনে গত শুক্রবার একদল বৌদ্ধ দুষ্কৃতকারী এই গ্রামে মুসলিমদের শেষ দোকানটিও গুঁড়িয়ে দিয়ে যায়। অবশ্য হামলার আগেই দোকানমালিক পালিয়ে যান। ২০ মার্চ মধ্য মিয়ানমারের মিকতিলা শহরে দাঙ্গা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছে। এ সময়ের মধ্যে অন্য ১০টি শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে দাঙ্গা। সর্বশেষ হামলার ঘটনা ঘটে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে গাড়িতে প্রায় দুই ঘণ্টার দূরের পথ এই গ্রামে। মিয়ানমারে প্রায় ছয় কোটি লোকসংখ্যার মধ্যে বৌদ্ধরা সংখ্যাগুরু। দেশটিতে মুসলিম আছে শতকরা মাত্র পাঁচ শতাংশ। ইয়াঙ্গুন, মান্দালয়াসহ বেশ কয়েকটি শহরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বৌদ্ধ ও মুসলিমরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। দাঙ্গা ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে মধ্য মিয়ানমারের চারটি শহরতলিতে জরুরি অবস্থা জারি করা হয়। এ ছাড়া বাগরো এলাকায় সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। এই এলাকারই একটি গ্রামের নাম সিত কুইন।সিত কুইন গ্রামে সহিংসতা শুরু হয় চার দিন আগে। অন্য শহর ও গ্রামের মুসলিমেরা বৌদ্ধদের ওপর হামলা চালাচ্ছে, এমন গুজব ছড়িয়ে একদল লোক মোটরসাইকেলে করে গ্রামে আসে। তারা মুসলিমদের গ্রাম ছাড়া করতে বৌদ্ধদের প্রতি আহ্বান জানায়।একই গুজব ছড়িয়ে শুক্রবার ইয়াঙ্গুনের প্রায় ১৬০ কিলোমিটার দূরে লেতপাদান গ্রামের একটি মসজিদে হামলার চেষ্টা চালানো হয়। ছুরি ও মুগুর হাতে ৩০টি দলের বৌদ্ধ দুষ্কৃতকারী প্রায় ২২ হাজার বাসিন্দার এই গ্রামে হানা দেয়। তবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এখানে যুগ যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি। কিন্তু বহিরাগত ব্যক্তিরা এখানের মুসলিমদের ওপর হামলা চালাচ্ছে।’ গত বৃহস্পতিবার মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘জনগণের জানমাল রক্ষায় আমি বল প্রয়োগে দ্বিধা করব না।’ এ সময় তিনি রাজনৈতি সুবিধাবাদীদের ও সাম্প্রদায়িক কট্টরপন্থীদের হুঁশিয়ার করেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের সাম্প্রতিক দাঙ্গায় অন্তত ১৩ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়ে, এসব ঘটনায় জড়িত সন্দেহে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স।