গ্রিনহাউস গ্যাসের রেকর্ড বৃদ্ধি
বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে গত বছর নতুন রেকর্ড হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে বায়ুমণ্ডলে এই গ্যাসটির নির্গমন হয়েছে ১৯৮৪ সালের পর সবচেয়ে দ্রুত হারে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের অধীন সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটি বৈশ্বিক জলবায়ু চুক্তি সম্পাদন জরুরি বলে মনে করছে ডব্লিউএমও। বার্ষিক গ্রিনহাউস গ্যাস বুলেটিনের এ প্রতিবেদনে অবশ্য বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে নির্গত কার্বনের পরিমাণ উল্লেখ করা হয়নি, বরং বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্যাসটি বাতাস, মাটি ও মহাসাগরে মিশে যাওয়ার পর কী পরিমাণে বায়ুমণ্ডলে রয়ে যাচ্ছে, সেই হিসাব রয়েছে। সব রকমের নির্গমনের প্রায় অর্ধেকই সাগর, গাছপালা ও জীবন্ত বিভিন্ন প্রাণী শোষণ করে নেয়।
ডব্লিউএমওর মহাসচিব মাইকেল জারড বলছেন, কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস তো দূরের কথা, গত বছর প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে বায়ুমণ্ডলে এই গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে বায়ুমণ্ডল ও মহাসাগরে বিভিন্ন পরিবর্তনের প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই সমস্যা সমাধানে জরুরি ও সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মকে টিকে থাকার সুযোগ দিতে হলে তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার জন্য প্রয়োজনীয় সব রকমের উদ্যোগ নিতে হবে।
কার্বন ডাই-অক্সাইড ছাড়া অন্যান্য গ্রিনহাউস গ্যাসের মধ্যে মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন প্রভৃতি নাম উল্লেখযোগ্য। শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে ১৭৫০ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড যে মাত্রায় ছিল, এখন তার চেয়ে ১৪২ শতাংশ বেশি মাত্রায় রয়েছে।
অবশ্য গ্যাসটির মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বের গড় তাপমাত্রা একই হারে বাড়েনি। ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি পেয়েছে কেবল বাড়তি নির্গমনের কারণে নয়, বরং পৃথিবীর প্রাণীমণ্ডলে কার্বন শোষণের মাত্রা হ্রাসের কারণে। এ ধরনের পরিবর্তনে ডব্লিউএমওর বিজ্ঞানীরা ধাঁধায় পড়েছেন। এই অবস্থা স্থায়ী হবে কি না, তাঁদের কাছে তা স্পষ্ট নয়। শেষবার পৃথিবীর প্রাণীমণ্ডলে কার্বন শোষণ হ্রাস পেয়েছিল ১৯৯৮ সালে। তখন ওই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ থাকলেও এখন নেই। ২০১৩ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের গড় পরিমাণ ৩৯৬ পার্টস পার মিলিয়নে (পিপিএম) পৌঁছায়। ২০১২ সালের তুলনায় গ্যাসটির গড় পরিমাণ প্রায় ৩ পিপিএম বৃদ্ধি পায়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানে বিশ্বের রাজনৈতিক নেতারা চলতি মাসের ২৩ তারিখে নিউইয়র্কে এক বিশেষ সম্মেলনে যোগ দেবেন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি দীর্ঘস্থায়ী সমঝোতার লক্ষ্যে নতুন আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।