গ্রিস ও স্পেনে ব্যয় সংকোচনবিরোধী ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের শ্রমিক সংগঠনগুলো সরকারের ব্যয় কাটছাঁট পরিকল্পনার প্রতিবাদে গতকাল বুধবার সে দেশের রাজধানী এথেন্সে ২৪ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করেছে। পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নিরাপত্তাকর্মীরা কাঁদানে গ্যাসের শেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে ধর্মঘটিদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।অন্যদিকে স্পেনে সরকারের কৃচ্ছ্রনীতি এবং কর বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবারের এই ঘটনায় ৬৪ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩৮ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রিক সরকার প্রায় এক হাজার ২০০ কোটি ইউরো ব্যয় সংকোচনের যে নতুন পরিকল্পনা নিয়েছে, এর প্রতিবাদে গতকাল দিনব্যাপী ধর্মঘট পালন করেছে। ধর্মঘটের ডাক দেওয়া বড় দুটি শ্রমিক সংগঠন দেশের প্রায় অর্ধেক শ্রমিকের প্রতিনিধিত্ব করে। চিকিৎসক থেকে শুরু করে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পর্যন্ত বিভিন্ন খাতের শ্রমিকেরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় এথেন্সের কেন্দ্রস্থলে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়।গ্রিসের বিদেশি ঋণমুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পরবর্তী তহবিলে জোগান দেওয়ার কথা রয়েছে। তবে এর পূর্বশর্ত হিসেবে তাদের সরকারি ব্যয় কমাতে হবে। এ তহবিলের জোগান দেওয়া না হলে কয়েক সপ্তাহের মধ্যে গ্রিস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যেতে পারে।গ্রিসকে ২০১০ সালের মে মাসে ১১ হাজার কোটি ইউরো এবং ২০১১ সালের অক্টোবরে ১৩ হাজার কোটি ইউরো ঋণ দেয় আইএমএফ ও ১৬ ইউরো জাতি। কিন্তু দাতারা তাদের প্রতিশ্রুত তহবিলের বাকি কিস্তি (১৩ হাজার কোটি ইউরো) আর ছাড় দিতে চাচ্ছে না। তারা মনে করছে, গ্রিস তাদের ঘাটতি কমিয়ে আনতে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। স্পেনে বিক্ষোভ, সংঘর্ষ: রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে বাধা পেরিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ছোড়ে। করে লাঠিপেটা।আগামী বৃহস্পতিবার নতুন করে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০১৩ সালের খসড়া বাজেট প্রকাশ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই পরিকল্পনার আওতায় বাজেটের ঘাটতি আরও কমাতে সংস্কার পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নতুন করে এই ব্যয় কমানোর উদ্যোগই ‘ওকুপাই কংগ্রেস’ নামের এই বিক্ষোভের সূচনা করেছে। এএফপি, বিবিসি ও দ্য হিন্দু