গ্রিসকে ইইউয়ের কেন্দ্রীয় ব্যাংকের নতুন শর্ত
ঋণে জর্জরিত দেশ গ্রিসকে নতুন শর্ত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কেন্দ্রীয় ব্যাংক ও দাতা দেশগুলো। ঋণ শোধের ব্যাপারে বারবার সতর্ক করা এবং তিনজন প্রতিনিধির ত্রয়কা কমিশন গঠিত হওয়ার পরও ঋণ পরিশোধে গ্রিস সরকার স্বচ্ছতা প্রমাণ না করায় এই নতুন শর্ত আরোপ করা হচ্ছে।গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে যেসব দেশ ও সংস্থা ঋণ দিয়েছে, তাদের পুঁজির গ্যারান্টির স্বার্থে নতুন শর্তে গ্রিস সরকারকে তাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক আয়ের পুরোটাই একটি বিশেষ তহবিলে জমা করতে হবে, যাতে করে গ্রিস ঋণ পরিশোধে তাদের স্বচ্ছতা ও সদিচ্ছা প্রমাণ করতে পারে।গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে গ্রিস সরকারকে প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কারের জন্য আবারও তাগিদ দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইউরো মুদ্রা চালুর পর থেকে বিগত ১২ বছরে সামাজিক নিরাপত্তার কাঠামো বজায় রেখেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধনে অদূরদর্শিতার কারণেই গ্রিসের অর্থনীতির এই বেহাল অবস্থা। আর তা রাজনৈতিক দল ও ক্ষমতাসীনদের কারণেই ঘটেছে।এদিকে সরকারের অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে সোমবার গ্রিসের রাজধানী এথেন্সে চার হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছে, গ্রিসের দুই প্রধান শ্রমিক সংগঠন শ্রমিকদের বেতন হ্রাস এবং এ বছর ১৫ হাজার সরকারি কর্মচারীর চাকরিচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট ডেকেছে।