গ্রিসকে ইউরো অঞ্চলে দেখতে চান জি-৮ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শিল্পোন্নত আটটি দেশের সংগঠন জি-৮-এর নেতারা বলেছেন, তাঁরা ঋণে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিসকে ইউরো অঞ্চলেই দেখতে চান। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জি-৮ সম্মেলনে সংস্থার নেতারা এ কথা বলেন।মেরিল্যান্ডের ক্যাম্পডেভিডে ওই সম্মেলনে জি-৮-এর সদস্যরাষ্ট্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, রাশিয়া, জাপান ও কানাডার নেতারা অংশ নেন। জি-৮-এর এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা বৈশ্বিক স্থিতিশীলতা ও গতিশীল অর্থনীতি ফিরিয়ে আনতে শক্তিশালী ইউরো অঞ্চলের পক্ষে। তাই আমরা চাই, গ্রিস ইউরো অঞ্চলেই থাকুক। তবে দেশটি তার অঙ্গীকার ঠিক রাখবে—এটাও আশা করি।’ বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতি উন্নতির দিকে যাচ্ছে, সেই লক্ষণ দেখা যাচ্ছে।ব্যয় সংকোচন নীতি চালিয়ে যাওয়া হবে, নাকি নীতি পরিবর্তন করা হবে—তা নিয়ে জি-৮-এর নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ব্যয় সংকোচন নীতি চালিয়ে যাওয়ার পক্ষে থাকলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ নীতি পরিবর্তনের পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও নীতি পরিবর্তনের পক্ষে তাঁর অবস্থানের কথা জানান। বিবিসি।