গ্রিসকে ইউরো জোনে রাখতে মতৈক্য চান পাপাডেমোস
গ্রিসের নতুন প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস বলেছেন, তিনি গ্রিসকে ইউরো জোনে ধরে রাখার ব্যাপারে মতৈক্যে পৌঁছার বিষয়টিকে অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, ‘আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত। গ্রিসের সমৃদ্ধির জন্য ইউরো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় পাপাডেমোস এ কথা বলেন। গতকাল শুক্রবার তাঁর মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। দায়িত্ব নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আগামী সোমবার পার্লামেন্টে এই আস্থা ভোট হতে পারে।পাপাডেমোস বলেন, তিনি ‘ঝুঁকিপূর্ণ সময়ে’ গ্রিসের দায়িত্ব গ্রহণ করছেন। এই পথ সহজ নয়। তিনি বলেন, ‘আমি মনে করি আন্তরিকতা ও মতৈক্য থাকলে আমরা খুব দ্রুতই দেশের বর্তমান সংকট সমাধান করতে পারব।’ তিনি আরও বলেন, গ্রিসকে ইউরো জোনে ধরে রাখা ছাড়া আরও একটি কাজকে অগ্রাধিকার দেবেন। সেটি হলো, গ্রিসের ঋণসংকট কাটাতে গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে যে সহায়তা প্যাকেজের ব্যাপারে সরকার রাজি হয়েছে তার অনুমোদন। ১৭ হাজার ৭০০ কোটি ডলারের ওই সহায়তা প্যাকেজ অনুমোদনের পর তা বাস্তবায়নসংক্রান্ত নীতি নিয়েও কাজ করতে হবে।নতুন প্রধানমন্ত্রী পাপাডেমোসের অগ্রাধিকারভিত্তিক এসব কাজের সঙ্গে সরকারের আরেক দফা ব্যয় সংকোচন নীতিও জড়িত। এরই মধ্যে সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে জনগণ চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটিতে ধর্মঘট, ভাঙচুর ও জ্বালাও-পোড়াও হয়েছে। বিশ্লেষকদের মতে, আরেক দফা ব্যয় সংকোচনের বিষয়টি বাস্তবায়নের ঘোষণা দিলে এর পরিপ্রেক্ষিতে জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নতুন সরকার কীভাবে মোকাবিলা করে, তা দেখার বিষয়। এর আগে পাপাডেমোস ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি।