গ্রিসকে ঋণ দেবে ইউরো জোন
অর্থনৈতিক সংকট নিরসনে গ্রিসকে জরুরি ঋণসহায়তা দেওয়ার ব্যাপারে ইউরো জোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে গতকাল মঙ্গলবার সমঝোতা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরো জোনের দেশগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে আইএমএফের ১৩ ঘণ্টাব্যাপী আলোচনার পর এ সমঝোতা হয়।ইউরো জোন ও আইএমএফের মধ্যে সমঝোতার ফলে গ্রিসের পাঁচ হাজার ১০০ কোটি মার্কিন ডলার ঋণ মওকুফ করা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বর থেকে দেশটিকে আরও প্রায় পাঁচ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের ঋণ দেওয়া হবে। প্রয়োজনে পরেও ঋণ সরবরাহ অব্যাহত রাখা হবে।গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্তনিস সামারাস ওই সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে গ্রিসের নাগরিকদের জন্য নতুন দিনের সূচনা হলো।ইউরো জোনের দেশগুলোর পার্লামেন্টকে ওই সমঝোতা প্রস্তাবটি অনুমোদন করতে হবে। জার্মানির অর্থমন্ত্রী উল্ফগাং শয়েবল বলেন, গ্রিসকে ঋণসহায়তা দেওয়ার প্রস্তাবটি শিগগিরই জার্মান আইনপ্রণেতাদের সামনে উপস্থাপন করা হবে। এএফপি, বিবিসি ও রয়টার্স।