গ্রিসে এবার সরকার গঠনের চেষ্টা করছে পাসোক পার্টি
ঋণ-সংকটে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিসে আবারও পার্লামেন্ট নির্বাচন প্রায় নিশ্চিত হয়ে গেছে। ডানপন্থীদের পর বামপন্থীরাও সরকার গঠনে ব্যর্থ হয়েছে। গত রোববারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল পাসোক পার্টি এখন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই দলটিও আশার বাণী শোনাতে পারেনি।ঋণ-সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সহায়তা প্যাকেজ এবং অভ্যন্তরীণ ব্যয়-সংকোচন নীতি নিয়ে মতবিরোধের কারণে সরকার গঠনে ব্যর্থ হচ্ছে দলগুলো। গ্রিসে রোববারের নির্বাচনে ৩০০ আসনের পার্লামেন্টে ১০৮টি আসন পায় অ্যান্তনিও সামারাসের নেতৃত্বাধীন নিউ ডেমোক্রেসি পার্টি। অ্যালেক্সিস স্ত্রিপরাসের নেতৃত্বাধীন সিরিজা পার্টি ৫২টি ও ইভানজেলোস ভেনিজেলোসের পাসোক পার্টি ৪১ আসনে জয়ীহয়। ডানপন্থী দল নিউ ডেমোক্রেসি পার্টি ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ক্যারোলাস পাপৌলিয়াস সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান স্ত্রিপরাসের দল সিরিজা পার্টিকে। গত বুধবার সরকার গঠনের জন্য কয়েকটি দলের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হন স্ত্রিপরাস। বুধবার রাতেই তিনি প্রেসিডেন্টকে তাঁর ব্যর্থতার কথা জানিয়ে দেন। এরপর প্রেসিডেন্ট পাপৌলিয়াস সরকার গঠনের আমন্ত্রণ জানান পাসোক পার্টির নেতা ইভানজেলোস ভেনিজেলোসকে। ইতিমধ্যে সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তবে আশার বাণী শোনাতে পারেননি তিনি। ইভানজেলোস বলেন, ‘এটা পরিষ্কার যে বর্তমান পরিস্থিতে আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারছি না। কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।’সরকার গঠনে পাসোক পার্টির ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি। গ্রিসের সংবিধান অনুযায়ী পাসোক পার্টি ব্যর্থ হলে প্রেসিডেন্ট জাতীয় ঐকমত্যের সরকার গঠনের উদ্যোগ নেবেন। তাঁর উদ্যোগ ব্যর্থ হলে কয়েক সপ্তাহের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। বিশ্লেষকদের মতে, যা গ্রিসের রাজনীতি ও অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে। গ্রিস ঋণ-সংকট কাটিয়ে উঠতে কঠিন শর্ত মেনে আইএমএফ ও ইইউর কাছ থেকে সহায়তা প্যাকেজ হিসেবে ২৪ হাজার কোটি ইউরো পেতে চুক্তি করে। শর্ত অনুযায়ী আগামী মাসের মধ্যে গ্রিসকে এক হাজার ৪৫০ কোটি ইউরো ব্যয় সংকোচন আইন পাস করতে হবে। শর্তের মধ্যে প্রায় দেড় লাখ কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। নিউ ডেমোক্রেসি ও পাসোক পার্টি বিগত জোট সরকারের সময় এসব শর্ত মেনেই ঋণসহায়তা চুক্তি করে। তবে সিরিজা পার্টি এসব শর্ত মেনে সহায়তা প্যাকেজ নেওয়ার বিরোধী। বৃহস্পতিবারের (গতকাল) মধ্যে সহায়তা প্যাকেজের ৪২০ কোটি ইউরো পাওয়ার কথা গ্রিসের। আরও ১০০ কোটি ইউরো আগামী সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। এএফপি ও বিবিসি।