গ্রিসে জোট সরকার গঠনের চেষ্টা, সময় বাকি এক দিন
একদিকে আন্তর্জাতিক অর্থবাজার, অন্যদিকে বিশ্বনেতাদের চাপ—দুই চাপের মুখে গ্রিসে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের আলোচনা দ্বিতীয় দিনে গড়িয়েছে। সরকার গঠনে সময় রয়েছে আর এক দিন।ওই আলোচনা শুরুর আগে গত রোববার গ্রিসে দ্বিতীয় দফার নির্বাচনে ঋণ-সহায়তা প্যাকেজের পক্ষের দল নিউ ডেমোক্রেসি পার্টি জয়ী হয়। পাশাপাশি কঠোর ব্যয় সংকোচননীতির বিরুদ্ধেও জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন ঘটে নির্বাচনে।রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টি বলেছে, বিপর্যয়কর অর্থনৈতিক সংকট থেকে দেশকে পরিত্রাণে ‘জাতীয় ঐকমত্যের সরকার’ গঠনে তারা সমাজতান্ত্রিক দল পাসোকের সঙ্গে একটি প্রাথমিক বোঝাপড়ায় পৌঁছেছে।পাসোক বলেছে, গতকাল মঙ্গলবার দিনের শেষে এই সরকার নিয়ে একটি চুক্তি সইয়ের ব্যাপারে তারা আশাবাদী। তবে তারা নতুন সরকারে কট্টর বামপন্থী সিরিজা পার্টিসহ অন্যান্য দলকেও অন্তর্ভুক্ত করার ওপর জোর দিয়েছে। কিন্তু সিরিজা পার্টি ইতিমধ্যে নিউ ডেমোক্রেসি পার্টির নেতৃত্বাধীন যেকোনো জোট সরকারে অংশগ্রহণের বিষয়টি নাকচ করে দিয়েছে।নির্বাচনী ফল ঘোষণার পর ইউরোপের দেশ ও যুক্তরাষ্ট্র গ্রিসের প্রতি দ্রুত সরকার গঠনের এবং ইইউ ও আইএমএফের সঙ্গে সম্পাদিত ঋণ-সহায়তা চুক্তির শর্তের আওতায় সংস্কারকাজ শুরুর আহ্বান জানিয়েছে। এএফপি।