গ্রিসে জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে বামপন্থীরা
গ্রিসে মধ্য-ডানপন্থীরা অর্থনীতিতে কৃচ্ছ্র নীতি বিতর্কে জোট সরকার গঠনে ব্যর্থতার পর কট্টর বামপন্থীরা এখন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট কার্লোস পাপৌলিয়াস বামপন্থী নেতা আলেক্সিস স্ত্রিপরাসকে জোট সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন।অর্থনৈতিক-সংকট উত্তরণে আন্তর্জাতিক সাহায্যের সমর্থক ও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভকারী গ্রিসের মধ্য-ডানপন্থী দল নিউ ডেমোক্রেসির নেতা অ্যান্তোনিস সামারিস গত সোমবার পর্যন্ত জোট সরকার গঠনে ব্যর্থ হন। এরপর গতকাল প্রেসিডেন্ট পাপৌলিয়াস কট্টর বামপন্থী সাইরিজা দলের নেতৃত্বদানকারী স্ত্রিপরাসকে জোট সরকার গঠনে আহ্বান জানান। এ জন্য তাঁকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ৩৮ বছর বয়সী স্ত্রিপরাস এরই মধ্যে বাম ঘেঁষা একটি মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। স্ত্রিপরাস বলেন, ‘প্রাথমিকভাবে বাম শক্তিগুলোর মধ্যে একটি সমঝোতা গড়ে তুলতে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব।’ সে সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যেসব শর্তে চুক্তি করা হয়েছে, তা খারিজ করাই তাঁর মন্ত্রিসভার লক্ষ্য হবে বলে ঘোষণা দিয়েছেন স্ত্রিপরাস। গ্রিসের অর্থ-সংকট কাটিয়ে উঠতে দেশটির পূর্ববর্তী সরকার ইইউ ও আইএমএফের কাছ থেকে দুই হাজার ৪০০ কোটি ইউরো সাহায্য চেয়েছে। বিবিসি।