গ্রিসের সমাজতন্ত্রপন্থী পাসোক পার্টির নেতা সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। বামপন্থী সিরিজা পার্টি ব্যয় সংকোচন নীতির প্রতি সমর্থন জানিয়ে সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানানোর পর গতকাল শুক্রবার দলটির প্রধান ইভানজেলোস ভেনিজেলোস ব্যর্থতার বিষয়টি নিশ্চিত করেন। ঋণসংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা প্যাকেজ নিয়ে মতানৈক্যের কারণে গ্রিসের রাজনৈতিক দলগুলো সরকার গঠনে মতৈক্যে পৌঁছাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই গতকাল জার্মানি সতর্ক করে দিয়ে বলেছে, সহায়তা প্যাকেজের শর্তানুযায়ী সংস্কার না হলে এথেন্সকে আর কোনো অর্থসহায়তা দেওয়া হবে না।গ্রিসে গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া দল পাসোক পার্টি (৪১ আসন) সরকার গঠনে তৃতীয় দফা চেষ্টা করেছিল। এর আগে প্রথমে সর্বোচ্চ আসন পাওয়া দল নিউ ডেমোক্রেসি পার্টি (১০৮) ও দ্বিতীয় দফায় দ্বিতীয় স্থানে থাকা সিরিজা পার্টি (৫২) সরকার গঠনের চেষ্টা করে ব্যর্থ হয়।পাসোক বলেন, ‘আমি শনিবার (আজ) বিষয়টি প্রেসিডেন্টকে জানাতে যাচ্ছি। বৈঠকের সময় আমি প্রেসিডেন্টকে বলব, এ ব্যর্থতার দায়ভার প্রতিটি দলকে নিতে হবে।’ পাসোক পার্টির প্রধান ইভানজেলোস সরকার গঠনের শেষ চেষ্টা হিসেবে ১৯ আসন পাওয়া ডেমোক্রেটিক লেফটের নেতা ফটিস কুয়োভেলিসের সঙ্গে আলোচনা করছেন। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন নীতি শিথিল করে গ্রিসকে ইউরোতে রেখে সমঝোতার চেষ্টা করেন তিনি।গ্রিস ঋণসংকট কাটিয়ে উঠতে কঠিন শর্ত মেনে আইএমএফ ও ইইউর কাছ থেকে সহায়তা প্যাকেজ হিসেবে ২৪ হাজার কোটি ইউরো পেতে চুক্তি করে। শর্ত অনুযায়ী, আগামী মাসের মধ্যে গ্রিসকে এক হাজার ৪৫০ কোটি ইউরো ব্যয় সংকোচন আইন পাস করতে হবে। শর্তের মধ্যে প্রায় দেড় লাখ কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। নিউ ডেমোক্রেসি ও পাসোক পার্টির বিগত জোট সরকার এসব শর্ত মেনেই ঋণসহায়তা চুক্তি করে। তবে সিরিজা পার্টি ও ডেমোক্রেটিক লেফট পার্টি এসব শর্ত মেনে সহায়তা প্যাকেজ নেওয়ার বিরোধী। পাসোক পার্টি সরকার গঠনে ব্যর্থ হওয়ায় সংবিধান অনুযায়ী, গ্রিসের প্রেসিডেন্ট জাতীয় মতৈক্যের সরকার গঠনের উদ্যোগ নেবেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে দলগুলো মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন করে নির্বাচন দিতে হবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে এ নতুন নির্বাচন দেওয়া হতে পারে। এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারভ্যালে গতকাল শুক্রবার বলেন, ‘আমরা গ্রিসকে সহায়তা দিতে চাই এবং দেব। কিন্তু গ্রিসকে সহায়তা চাইতে হবে। তারা রাজি হওয়ার পর এখন যদি সংস্কার না করে, তাহলে আর অর্থসহায়তা দেওয়া সম্ভব নয়।’ তিনি বলেন, ‘আমরা সহায়তা দেওয়ার আগের অবস্থানেই আছি। কিন্তু গ্রিসকে অবশ্যই প্রতিশ্রুত সংস্কারগুলো করতে হবে।’ ওয়েস্টারভ্যালে জোর দিয়ে বলেন, ‘আমরা ইউরো অঞ্চলকে একত্রে রাখতে চাই। ভবিষ্যতে ইউরো অঞ্চলে থাকা না-থাকার বিষয়টি এখন গ্রিসের হাতেই।’ বিবিসি, এএফপি ও রয়টার্স।