গ্রিসে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠন
গ্রিসে আগামী ১৭ জুন পার্লামেন্ট নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী প্যানাগিওতিস পিক্রামেনোসের নেতৃত্বে এই মন্ত্রিসভা দেশটিতে ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় গিওর্গিয়োস জান্নিয়াস অর্থমন্ত্রী, পেত্রোস মলিভিয়াতিস পররাষ্ট্রমন্ত্রী, ফ্রাঙ্গোস ফ্রাঙ্গোউলিস প্রতিরক্ষামন্ত্রী, অ্যান্তনিয়োস মানিতাকিস স্বরাষ্ট্রমন্ত্রী ও ইলেফথেরিয়োস ইকোনোমৌ গণশৃঙ্খলাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার সরকারি এক বিবৃতিতে তাঁদের নাম ঘোষণা করা হয়। ঋণসংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে কঠিন শর্ত মেনে সহায়তা প্যাকেজ গ্রহণে গ্রিসের রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে দেশটিতে ছয় সপ্তাহের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৬ মে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আসন পাওয়ার ভিত্তিতে শীর্ষস্থানীয় তিনটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্যারোলাস পাপুলিয়াস। তিনটি দলই সরকার গঠনে ব্যর্থ হয়। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পাপুলিয়াসের জাতীয় ঐকমত্যের সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ হলে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এই নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এএফপি, বিবিসি।