গ্রিসে ব্যয় সংকোচন বাজেট পাস, পার্লামেন্টের বাইরে ব্যাপক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাসের সহিংস বিক্ষোভ ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির পর গ্রিসের পার্লামেন্টে গতকাল বুধবার ব্যয় সংকোচন ও কর বৃদ্ধির বাজেট পাস হয়েছে। এর আগে বাজেট বিতর্ক চলাকালে পার্লামেন্টের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সাবেক ব্যাংক গভর্নর লুকাস পাপাদেমোসের অন্তর্বর্তী জোট সরকার ২০১২ সালের ওই বাজেট পার্লামেন্টে উত্থাপন করে। বাজেটটি ২৫৮-৪১ ভোটে পাস হয়। বাজেটে কর বৃদ্ধি ও ব্যয় সংকোচনসহ পুরো ইউরোজোনকে হুমকিতে ফেলে দেওয়া গ্রিসের চলতি ঋণসংকট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস পার্লামেন্টে বক্তৃতায় বলেন, যে ধ্বংসাত্মক নীতির কারণে গ্রিসের প্রত্যেক নাগরিকের মাথায় ৩০ হাজার ইউরো করে রাষ্ট্রীয় ঋণের বোঝা চেপে বসেছে, সেই নীতি পাল্টে দেওয়ার প্রথম পদক্ষেপ এই বাজেট। গত মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া পাপাদেমোস বলেন, ‘আমাদের পদক্ষেপ দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে দৃঢ় করবে। সেটা শুধু ২০১২ সালের জন্য নয়, বরং তা আগামী পুরো এক দশকের জন্য।’ তিনি আরও বলেন, এ বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পুনরায় ফিরিয়ে দেবে এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারের দ্বার উম্মুক্ত করবে।ইউরোপীয় ইউনিয়ন এবং একক মুদ্রা ইউরোর ব্যাপারে গ্রিস আগের অবস্থানেই থাকবে ইঙ্গিত দিয়ে পাপাদেমোস বলেন, ‘গ্রিসের জনগণ এটা টিকিয়ে রাখতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাবে। সংকট সত্ত্বেও ইউরোপ এবং সাম্প্রতিক সময়ে আমাদের সবচেয়ে বড় অর্জন একক মুদ্রা অক্ষুণ্ন থাকবে।’ অন্তর্বর্তী সরকারের শরিক রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসির নেতা অ্যান্টোনিস সামারাস বাজেট সমর্থন করে বলেছেন, ‘এই মুহূর্তে ইউরোপে প্রকৃত ভূমিকম্প চলছে। আমরা জানি না সেটা কোন দিকে ধাবিত হবে। সুতরাং গ্রিসের জন্য যত তাড়াতাড়ি সম্ভব মূলধন গড়ে তোলা দরকার।’ তবে তিনি বলেন, তাঁদের সমর্থন শুধু গ্রিসকে ঋণখেলাপি থেকে এই মুহূর্তে বের করে আনার জন্যই। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের মাধ্যমে তাঁর দল ক্ষমতায় গেলে তিনি কর কমানোসহ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেবেন। এদিকে পার্লামেন্টে গতকাল যখন বাজেট নিয়ে বিতর্ক চলছিল, তখন পার্লামেন্টের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিল চলাকালে কয়েক শ মুখোশধারী যুবক পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ শুরু করলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। ২০০৮ সালে পুলিশের গুলিতে এক ছাত্র নিহত হওয়ার দিনটি স্মরণে গতকাল ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সে সময় ওই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গার জের ধরেই পদত্যাগে বাধ্য হয়েছিল তৎকালীন কনজারভেটিভ সরকার। এএফপি, পিটিআই ও বিবিসি অনলাইন।