গ্রিসে ব্যয় সংকোচন বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের পার্লামেন্টে গত রোববার রাতে ব্যয় সংকোচন করে বিতর্কিত বিলটি পাস হয়েছে। বিল পাসের সময় কয়েক হাজার পুলিশ পার্লামেন্ট ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল। বিলটি পাসের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে।বিতর্কিত ওই বিল পাস করাকে কেন্দ্র করে গত রোববার দিনভর গ্রিসে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী এথেন্সে ৮০ হাজারের বেশি মানুষ সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে জড়ো হয়। গ্রিসের আরেক শহর থেসালোনিকিতে বিক্ষোভ করে অন্তত ২০ হাজার মানুষ।রাজধানী এথেন্সে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর এবং পেট্রলবোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। পেট্রলবোমায় রাজধানীতে অন্তত ৪০টি বাড়িতে আগুন লেগে যায়। বিলটি পাসের জন্য ভোটাভুটিতে ওঠার আগে গ্রিসের প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ব্যয় সংকোচন প্যাকেজ দেশে সংস্কারের ভিত্তি তৈরি করবে এবং অর্থনীতি পুনর্গঠনে সহায়ক হবে।পার্লামেন্টের স্পিকার ফিলিপোস পেতসালনিকোস জানান, রোববার উপস্থিত ২৭৮ এমপির মধ্যে ব্যয় সংকোচন বিলটির পক্ষে ১৯৯ জন এবং বিপক্ষে ৭৪ জন ভোট দেন। গ্রিসের সংখ্যাগরিষ্ঠ সমাজতন্ত্রী ভাবাদর্শের পাসক পার্টি এবং ডানপন্থী দল নিউ ডেমোক্রেসির যেসব সদস্য পার্লামেন্টে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন, তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।অর্থনীতি পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পরামর্শে গ্রিস সরকার কঠোর ব্যয় সংকোচন বিল পাস করল। এর ফলে ওই দুটি সংস্থার কাছ থেকে ১৩ হাজার কোটি ইউরো ঋণ পেতে যাচ্ছে দেশটি। এএফপি ও বিবিসি অনলাইন।