গ্রিসে ব্যয়সংকোচন প্রস্তাব অনুমোদন, এথেন্সে সংঘর্ষ
গ্রিসের পার্লামেন্ট গতকাল বুধবার সরকারি ব্যয়সংকোচনের বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিপুল ঋণসংকট থেকে পরিত্রাণে সাহায্য করতে গ্রিসকে বাড়তি আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তই ছিল, দু হাজার ৮০০ কোটি ইউরোর ব্যয়সংকোচন প্রস্তাব গৃহীত হতে হবে।এদিকে ব্যয়সংকোচন পরিকল্পনার ওপর পার্লামেন্টে ভোটাভুটির আগে রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সরকারের ব্যয়সংকোচন পরিকল্পনার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। এই পরিকল্পনার প্রতিবাদে গ্রিসের শ্রমিক ইউনিয়নগুলো গত মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেয়। সরকারের ব্যয় সংকোচনের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন হওয়ার আগে বিক্ষোভকারীরা বলেছিল, এমপিরা যাতে পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে না পারেন, সে জন্য তারা পার্লামেন্ট ভবন ঘিরে রাখতে সংকল্পবদ্ধ।তবে শেষ পর্যন্ত পার্লামেন্ট ব্যয়সংকোচন প্রস্তাব অনুমোদন করেছে। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। কর বৃদ্ধি, ব্যয়সংকোচন ও বেসরকারীকরণের উদ্দেশ্যে দুই হাজার ৮০০ কোটি ৪০ লাখ ইউরোর প্যাকেজটি নেওয়া হয়। প্রস্তাবটি পাসের আগে গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রু হুঁশিয়ারি দিয়েছিলেন, এই প্রস্তাব অনুমোদিত না হলে তাঁর দেশ কয়েক দিনের মধ্যেই আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে প্রায় ৪০০ বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের কাছে সিনটাগমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় রাজধানীর কেন্দ্রস্থলের হিলটন হোটেলের সামনে পুলিশ তাদের পিছু হটতে বাধ্য করে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রাজধানীর অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।ব্যয়সংকোচন প্রস্তাবের প্রতিবাদে ডাকা ধর্মঘটের কারণে এথেন্সের গণপরিবহন-ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।সাধারণ ধর্মঘটের প্রথম দিনে গত মঙ্গলবার পার্লামেন্ট অভিমুখী প্রায় ১০ হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা ১৫ জুনের সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময়ও পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের চেষ্টা করেছিল। তবে সে সময়ও তাঁদের উদ্দেশ্য সফল হয়নি। পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য করেছিল।পার্লামেন্টে প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রুর দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ব্যয়সংকোচন করার জন্য জন্য তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে ছিল গ্রিস সরকার। এর আগে আইএমএফের নতুন প্রধান ক্রিস্তিন লাগার্দ সরকারকে সমর্থন ও ব্যয়সংকোচন প্যাকেজের পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী এমপিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এএফপি, বিবিসি।