গ্রিসে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, সুরাহা হয়নি
গ্রিসে সরকার গঠনের শেষ চেষ্টার অংশ হিসেবে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গতকাল রোববার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ক্যারোলাস পাপুলিয়াস। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রেসিডেন্টের এই উদ্যোগের মাধ্যমে জাতীয় মতৈক্যের সরকার গঠন করা সম্ভব না হলে সংবিধান অনুযায়ী আগামী মাসেই নতুন করে নির্বাচন দিতে হবে।গ্রিসের সরকার গঠন নিয়েঅচলাবস্থা গোটা ইউরো অঞ্চলজুড়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।প্রেসিডেন্ট পাপুলিয়াস গতকাল বিকেলে প্রথমে নিউ ডেমোক্রেসি পার্টির নেতা অ্যান্তনিও সামারাস, সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস স্ত্রিপরাস ও পাসোক পার্টির নেতা ইভানজেলোস ভেনিজেলোসের সঙ্গে বৈঠক করেন। প্রায় ৯০ মিনিট এই বৈঠক চলে।পাসোক পার্টির নেতা ইভানজেলোস বলেন, ‘সরকার গঠনে অচলাবস্থা সত্ত্বেও আমরা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছি। আমি এখনো আশাবাদী যে সরকার গঠন করা সম্ভব হবে।’তবে কট্টর বামপন্থী সিরিজা পার্টির নেতা স্ত্রিপরাস অন্যদের সঙ্গে জোট গঠন করতে অস্বীকৃতি জানান। তিনি জানান, নিউ ডেমোক্রেসি পার্টি, পাসোক পার্টি ও ডেমোক্রেটিক লেফট পার্টি মিলে দুই বছর মেয়াদি জোট সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছে। তবে অন্য কোনো সূত্র থেকে তাঁর এই দাবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আবার ডেমোক্রেটিক লেফট পার্টি এ ধরনের সরকারে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন।৬ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৩০০ আসনের পার্লামেন্টে ১০৮টি আসন পেয়ে জয়ী হয় নিউ ডেমোক্রেসি পার্টি। সিরিজা পার্টি ৫২টি আসন পেয়ে দ্বিতীয় ও পাসোক পার্টি ৪১ আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে। এর আগে শীর্ষস্থানীয় তিন দলই সরকার গঠন করতে ব্যর্থ হয়। ঋণ-সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সহায়তা প্যাকেজ এবং অভ্যন্তরীণ ব্যয়-সংকোচন নীতি নিয়ে মতবিরোধের কারণে সরকার গঠন করতে পারছে না দলগুলো। এদিকে গতকাল প্রকাশিত কাপা রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা যায়, গ্রিসের ৭২ শতাংশ মানুষ যেকোনো মূল্যে ‘জোট সরকার’ গঠন করে ইউরো অঞ্চলে থাকার পক্ষে। এএফপি ও বিবিসি।