ঋণে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলাস পাপৌলিয়াস জাতীয় মতৈক্যের সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে আজ রোববার শীর্ষ তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। গ্রিসে ৬ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪১ আসন পেয়ে তৃতীয় স্থানে থাকা পাসোক পার্টির নেতা ইভানজেলোস ভেনিজেলোস গতকাল শনিবার প্রেসিডেন্ট পাপৌলিয়াসকে জানান, তিনি সরকার গঠন করতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। এরপর সংবিধান অনুযায়ী, জাতীয় মতৈক্যের সরকার গঠনের উদ্যোগ গ্রহণ করেন পাপৌলিয়াস।এর আগে নির্বাচনে প্রথম স্থানে থাকা নিউ ডেমোক্রেসি পার্টি (১০৮টি আসন) ও দ্বিতীয় স্থানে থাকা সিরিজা পার্টি (৫২) সরকার গঠনের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়। গ্রিসের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের উদ্যোগ ব্যর্থ হলে কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন দিতে হবে। সে হিসাবে ৬ মে নির্বাচন অনুষ্ঠানের পর আগামী জুনেই আবার নির্বাচন করতে হবে গ্রিসে।প্রেসিডেন্ট পাপৌলিয়াসের কার্যালয় সূত্র জানায়, জাতীয় মতৈক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট তিন শীর্ষ দলের নেতাদের বৈঠকে ডেকেছেন। আজ সকালে এ বৈঠক হবে। এরপর তিনি নির্বাচনে কম আসন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন। বৃহস্পতিবারের মধ্যে সরকার গঠন সম্ভব না হলে নতুন নির্বাচন দেওয়া হবে।বিশ্লেষকেরা বলছেন, প্রেসিডেন্টের এ উদ্যোগ ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। আর নতুন করে নির্বাচন হলে তা দেশটিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও সংকটে ফেলবে।ঋণসংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা প্যাকেজ নিয়ে মতানৈক্যের কারণে গ্রিসের রাজনৈতিক দলগুলো সরকার গঠনে মতৈক্যে পৌঁছাতে পারছে না। ঋণসংকট কাটিয়ে উঠতে দেশটি কঠিন শর্ত মেনে আইএমএফ ও ইইউর কাছ থেকে সহায়তা প্যাকেজ হিসেবে ২৪ হাজার কোটি ইউরো পেতে চুক্তি করে। শর্ত অনুযায়ী, আগামী মাসের মধ্যে গ্রিসকে এক হাজার ৪৫০ কোটি ইউরো ব্যয় সংকোচন আইন পাস করতে হবে। শর্তের মধ্যে প্রায় দেড় লাখ কর্মসংস্থান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়। নিউ ডেমোক্রেসি ও পাসোক পার্টির বিগত জোট সরকার এসব শর্ত মেনেই ঋণসহায়তা চুক্তি করে। এ দুটি দলই শর্ত মেনে সহায়তা প্যাকেজের পক্ষে। তবে সিরিজা পার্টি ও ডেমোক্রেটিক লেফট পার্টি এসব শর্ত মেনে সহায়তা প্যাকেজ নেওয়ার বিরোধী। এটা মূলত সরকার গঠনে একমত না হতে পারার মূল কারণ। বিবিসি ও এএফপি।