ঋণে জর্জরিত ইউরোপীয় দেশ গ্রিসে আগামী ১৭ জুন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি হবে দুই মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। ঋণসংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে কঠিন শর্ত মেনে সহায়তা প্যাকেজ গ্রহণে গ্রিসের রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে দুই মাসেরও কম সময়ের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এর আগে ৬ মে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আসন পাওয়ার ভিত্তিতে শীর্ষস্থানীয় তিনটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্যারোলাস পাপুলিয়াস। তিনটি দলই সরকার গঠনে ব্যর্থ হয়।প্রেসিডেন্ট গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী ১৭ জুন পার্লামেন্ট নির্বাচনের দিন ধার্য করেন। ওই বৈঠকের পর নির্বাচন পরিচালনার উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জ্যেষ্ঠ বিচারপতি প্যানাগিওতিস পিক্রামেনোসের নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট পাপুলিয়াসের সঙ্গে বৈঠকে অংশ নেন নিউ ডেমোক্রেসি পার্টির নেতা অ্যান্থনিও সামারাস, সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস স্ত্রিপরাস, পাসোক পার্টির নেতা ইভানজেলোস ভেনিজেলোসসহ আরও কয়েকটি দলের নেতা। তবে নতুন নির্বাচন হলেই গ্রিসে কার্যকর সরকার গঠিত হবে, তা নিশ্চিত নয়। নির্বাচনে শর্ত মেনে আইএমএফ ও ইইউয়ের সহায়তা নেওয়ার বিপক্ষের দলগুলোই ভালো করবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও এএফপি।