গ্রিসে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসে নতুন করে ব্যয় সংকোচনের উদ্যোগ নেওয়ায় শ্রমিক সংগঠনগুলো ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। গতকাল শুক্রবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। ব্যয় সংকোচনবিষয়ক একটি প্রস্তাব শিগগিরই দেশটির পার্লামেন্টে ওঠার কথা।সিএসইই ও এডিডি ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে রাজধানী এথেন্সে গতকাল বাস চলাচল করেনি। বন্ধ ছিল রেল চলাচল। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে গত মঙ্গলবার দেশটিতে এ বছর প্রথমবারের মতো ধর্মঘট পালিত হয়।নতুন করে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হলে ‘গ্রিক সমাজের কবর’ রচিত হবে বলে মনে করছে শ্রমিক সংগঠনগুলো। গ্রিস সরকার অর্থনৈতিক সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিতে যাচ্ছে। ওই ঋণের শর্ত অনুযায়ী, গত বৃহস্পতিবার গ্রিসের ক্ষমতাসীন তিন দলীয় জোট সরকার শ্রমিকদের আর্থিক কিছু সুবিধা খর্ব করার সিদ্ধান্ত নিয়েছে।শ্রমিকদের দাবি, নতুন করে সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় বেতনের ন্যূনতম ২০ শতাংশ অর্থ কাটা যাবে। যাঁরা অবসরভাতা পাচ্ছেন, তাঁদের প্রাপ্য অর্থের ১৫ শতাংশ বাদ যাবে। চাকরি হারাবেন ১৫ হাজার সরকারি কর্মকর্তা। এএফপি।