গ্রিসের উগ্রপন্থী দলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল গোল্ডেন ডনের নেতা নিকোলাস মিকালোলিয়াকোসকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠন’ প্রতিষ্ঠার অভিযোগ আনা হয়েছে।
উগ্র ডানপন্থীরা জনপ্রিয় বামপন্থী সংগীতশিল্পী পাভলোস ফাইসাসকে সম্প্রতি ছুরি মেরে হত্যা করার পর গোল্ডেন ডনের সদস্যদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। নব্য নাৎসি হিসেবে পরিচিত দলটির এক পার্লামেন্ট সদস্যসহ আরও তিন নেতাকেও গতকাল গ্রেপ্তার করা হয়।
ঋণসংকটে জর্জরিত গ্রিস সরকার আন্তর্জাতিক সহায়তার শর্ত হিসেবে সরকারি খাতে সংস্কার বাস্তবায়ন করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় গোল্ডেন ডনের নেতা দলটির ১৮ জন পার্লামেন্ট সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হবে বলে গত শুক্রবার হুমকি দেন। এ ধরনের উদ্যোগে দেশটির ১৫টি অঞ্চলে উপনির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হবে। আর তাহলে প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের নেতৃত্বাধীন জোট সরকারের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে। কারণ, পার্লামেন্টে বর্তমান জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা তেমন জোরালো নয়। সরকারি ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক অসন্তোষের মুখে গ্রিসের ২০১২ সালের পার্লামেন্ট নির্বাচন হয়। এতে অংশ নিয়ে প্রথমবারের মতো আসন পায় উগ্রপন্থী গোল্ডেন ডন।
প্রধানমন্ত্রী সামারাস এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘আমাদের সামাজিক জীবন অবরুদ্ধ এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক ভিতকে ধ্বংস করার সুযোগ নাৎসিবাদের উত্তরসূরিদের দেওয়া হবে না।’
উগ্রপন্থী হলেও গ্রিসে সরকারি ব্যয় সংকোচননীতির বিরোধিতাসহ বিভিন্ন কারণে গোল্ডেন ডনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। জনমত জরিপ অনুযায়ী, দলটি ইতিমধ্যে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এএফপি।