গ্রিসের কাছে আর তেল বিক্রি করবে না ইরান
গ্রিসকে আর তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী রোস্তাম কাশেমি গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।অবশ্য ইরানের তেলের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিস এরই মধ্যে ইরানের তেলের ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে।ইরানের তেলমন্ত্রী রোস্তাম কাশেমি জানান, এখন থেকেই ইরান আর কোনো তেল গ্রিসের কাছে বিক্রি করবে না।মন্ত্রী কাশেমির উদ্ধৃতি দিয়ে তেল মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইট শানায় প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ইরান তার তেল বা তেলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পণ্য বিশ্বের অন্যান্য বাজারে বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা অনুভব করছে না।তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির জের ধরে গত জানুয়ারিতে ইইউ ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞাটি আগামী জুলাইয়ে পূর্ণমাত্রায় কার্যকর হওয়ার কথা। ওই নিষেধাজ্ঞার অংশ হিসেবে গ্রিসসহ ইইউভুক্ত দেশগুলো ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। এর আগে গ্রিস ইরানের তেলের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করত। দেশটি প্রতিদিন গড়ে ইরান থেকে এক লাখ ব্যারেল তেল কিনত।গ্রিসের জ্বালানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গত সপ্তাহে নিশ্চিত করেন, ইরান থেকে তেল কেনার ওপর ইইউর নিষেধাজ্ঞা থাকায় তাঁরা তেলের বিকল্প উৎসের সন্ধান করছেন। সে ক্ষেত্রে ইরান থেকে যে পরিমাণ তেল নেওয়া হতো, তা এখন রাশিয়া, ইরাক, সৌদি আরব ও লিবিয়া থেকে নিয়ে ঘাটতি পূরণ করার চেষ্টা চলছে।ইইউর নিষেধাজ্ঞার কারণে ইরান এর আগে গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য ও ফ্রান্সে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল। এএফপি, টাইমস অব ইন্ডিয়া।