গ্রিসের জন্য দ্বিতীয় দফা ঋণসহায়তা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীরা গত সোমবার রাতে গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে দ্বিতীয় ঋণসহায়তা প্যাকেজ অনুমোদন করেছেন। এর আওতায় গ্রিস ১৩ হাজার কোটি ইউরো (১৭ হাজার কোটি মার্কিন ডলার) ঋণসহায়তা পাবে।আর এই ঋণসহায়তার বিনিময়ে গ্রিসকে ২০২০ সালের মধ্যে ঋণ জিডিপির ১২০ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনতে হবে। এটা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকেরা গ্রিসের অর্থনৈতিক ব্যবস্থাপনা ‘স্থায়ী ও বিশদভাবে’ তদারকি করবেন। গ্রিস বিষয়টি মেনে নিয়েছে।বিশ্লেষকেরা বলছেন, গ্রিস ও ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের এই মতৈক্যের অর্থ হলো, গ্রিস সরকারের ব্যয় সংকোচন পরিকল্পনা কার্যকরের বিষয়টি নিশ্চিত হলো। সরকারের ব্যয় সংকোচননীতির বিরুদ্ধে ওই দেশে আন্দোলন চলছে।ঋণের ভারে জর্জরিত ইউরোপের দেশ গ্রিসের দেউলিয়াত্ব ঠেকাতে আগামী ২০ মার্চের মধ্যে এই ঋণসহায়তা প্যাকেজ জরুরি ছিল। চলতি বছরসহ টানা পাঁচ বছর গ্রিসের ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬০ শতাংশের বেশি।লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ও ইউরো অঞ্চলের ফিন্যান্স মিনিস্টারস গ্রুপের চেয়ারম্যান জ্যঁ ক্লদ জাঙ্কার গতকাল মঙ্গলবার সকালের দিকে গ্রিসের জন্য দ্বিতীয় ঋণসহায়তা প্যাকেজ অনুমোদিত হওয়ার বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, ‘গ্রিসের ঋণ হ্রাসে এটা গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। এর মধ্য দিয়ে ইউরো অঞ্চলের দেশটির ভাগ্য নিশ্চিত হলো। গ্রিসে টেকসই অর্থনীতি ফিরিয়ে আনতে এখন জনগণকে এগিয়ে আসতে হবে।’আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিশ্চিন লাগার্দে বলেন, ইউরো অঞ্চলের অর্থমন্ত্রীদের বৈঠকে তিনিও যোগ দিয়েছিলেন। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে গ্রিসকে সব খাতে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা উচিত।ঋণ মেটানোর জন্য গ্রিস প্রধান বাজেট থেকে আলাদা করে একটি বিশেষ হিসাব নম্বরে অর্থ রাখবে। এই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকবে, যা দিয়ে আগামী তিন মাস শুধু ঋণের দায় পরিশোধ করা হবে।গ্রিসের প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস বলেন, ‘ঋণসহায়তা প্যাকেজ অনুমোদিত হওয়ায় তিনি ‘খুব আনন্দিত। আজ গ্রিসের অর্থনীতির জন্য এক ঐতিহাসিক দিন।আজ বুধবার অনুমোদিত ঋণসহায়তা প্যাকেজ নিয়ে গ্রিসের পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা। এর আগে ২০১০ সালে ইউরো অঞ্চল গ্রিসের জন্য ১১ হাজার কোটি ইউরো ঋণসহায়তা দেয়। কিন্তু সেটা যে ঋণে জর্জরিত দেশটির জন্য যথেষ্ট ছিল না, তা প্রমাণিত হয়েছে। এএফপি ও বিবিসি।