গ্রিসের নতুন প্রধানমন্ত্রী সামারাস
গ্রিসে অবশেষে নতুন সরকার গঠন-প্রক্রিয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। গতকাল বুধবার নিউ ডেমোক্রেসি দলের নেতা আন্তোনিস সামারাস নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।সমাজতন্ত্রপন্থী পাসোক এবং ডেমোক্রেটিক লেফট পার্টি জোট সরকারে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর সামারাস শপথ নেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, আমি বৃহস্পতিবার (আজ) নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানাবো। জনগণের আকাঙ্খা পূরণে আমরা কঠোর পরিশ্রম করবো। গ্রিসে বিপর্যয়কর অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে নতুন জোট সরকার গঠনের প্রক্রিয়া গতকাল বুধবার প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যেকোনো সময় সরকার গঠনের ঘোষণা আসতে পারে।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অজনপ্রিয় ঋণচুক্তি পুনর্বিবেচনার লক্ষ্যে গ্রিসে দ্রুত নতুন জোট সরকার গঠন চূড়ান্ত হলো। গ্রিসে দুই মাস ধরে রাজনৈতিক অচলাবস্থার পর সংস্কার শুরুর জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। সংস্কার বাস্তবায়নের শর্তে গ্রিস ঋণসহায়তা নিয়ে দেশের অর্থনীতি সচল রাখছে। দেশটিতে নতুন সরকার ঘোষিত হতে না হতেই পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আইএমএফের বিশেষজ্ঞদের একটি দল। নতুন সরকারের প্রথম লক্ষ্য হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনা ও নির্বাচনের আগে স্থগিত করে দেওয়া ঋণ সরবরাহ পুনরায় চালু করা। এএফপি।