গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল চালু করার নির্দেশ
গ্রিসে বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারকেন্দ্র ইআরটি চালু করার নির্দেশ দিয়েছেন দেশের একটি আদালত। সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তারা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।
গতকাল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শিগগির ইআরটি খুলে দিতে রুল দিয়েছেন আদালত। তবে আদালত ওই সংস্থার পরিসর সীমিত করার সরকারি পরিকল্পনা সমুন্নত রেখেছেন।
কঠোর ব্যয়সংকোচন-নীতির অংশ হিসেবে গ্রিস সরকার গত সপ্তাহে সে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারকেন্দ্র ইআরটি বন্ধ করে দেয়। ইআরটি চ্যানেলের সব কর্মীকেও কর্মচ্যুত করা হয়।
দেশের চরম আর্থিক মন্দা থেকে উদ্ধারে সরকারি ব্যয় হ্রাস ও কর বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে এটি সাম্প্রতিকতম।
টেলিভিশন সম্প্রচারকেন্দ্রটি বন্ধ ঘোষণা করার আগে সরকারের মুখপাত্র সিমোস কেদিকোগলু বলেন, ‘স্বচ্ছতার অভাব ও অবিশ্বাস্য রকম অপচয়ের এক ব্যতিক্রমী উদাহরণ ইআরটি। এখন এর পরিসমাপ্তি ঘটবে।’
মুখপাত্র আরও বলেন, চ্যানেলটির আড়াই হাজার কর্মীকে বরখাস্ত করার পর তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। করপোরেশনটি যখন ক্ষুদ্র পরিসরে আবার চালু হবে, তখন তাঁরা সেখানে চাকরির আবেদন করতে পারবেন।
সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। চ্যানেলটি বন্ধের প্রতিবাদে এথেন্সের সাংবাদিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়।
গত এপ্রিলে গ্রিসের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলের আওতায় আগামী বছরের মধ্যে ১৫ হাজার সরকারি কর্মী চাকরি হারাবেন। আর্থিক মন্দা কাটাতে এক হাজার ১৪০ কোটি ডলারের আন্তর্জাতিক ঋণ সহায়তার পরবর্তী ধাপের অর্থ পাওয়ার শর্ত হিসেবে বিলটি পাস করা হয়। গ্রিস সরকারি কর্মীদের বেতন ও পেনশনসুবিধা কাটছাঁট করাসহ কঠোর কৃচ্ছ্রনীতি গ্রহণ করেছে। প্রতিবাদে দেশটিতে অনেকবার সাধারণ ধর্মঘটের ঘটনা ঘটেছে।