গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা হেলেনিক ব্রডকাস্টিং করপোরেশনের (ইআরটি) সম্প্রচার গতকাল মঙ্গলবার রাতে বন্ধ করে দিয়েছে সরকার। এটিকে তারা ‘আবর্জনার ভাগাড়’ বলে আখ্যা দিয়েছে। আজ বুধবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল ইআরটির সদর দপ্তরের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজারো সংবাদকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এথেন্সে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। ইআরটি বন্ধের প্রতিবাদে এথেন্সের সাংবাদিক ইউনিয়ন ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে।

খবরে বলা হয়, গতকাল রাতে দর্শকেরা খবর দেখার সময় হঠাত্ করেই রাষ্ট্রীয় টিভি চ্যানেলের পর্দা কালো হয়ে যায়। সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইআরটি কর্তৃপক্ষ। দেশটির চলমান অর্থনৈতিক মন্দা মোকাবিলায় সরকারের ব্যয় কাটছাঁটের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সরকারের মুখপাত্র সিমোস কেদিকোগলু বলেন, ‘ইআরটির স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। তাদের খরচও অবিশ্বাস্য রকমের বেশি। এর সমাপ্তি ঘটল।’

ইআরটির অধীনে তিনটি টেলিভিশন ও চারটি বেতার চ্যানেল এবং ভয়েস অব গ্রিস নামের একটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়েছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে এসব চ্যানেল ও বেতারে কর্মরত আড়াই হাজার সংবাদকর্মী বেকার হয়ে পড়বেন।