গ্রিসের সাবেক অর্থমন্ত্রীর ‘কর ফাঁকি’র তদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের সাবেক অর্থমন্ত্রী জর্জ পাপাকনস্ট্যানটিনোর বিরুদ্ধে কর-সংক্রান্ত গোপন দলিল বিকৃত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে এ ঘটনা তদন্তের অনুমোদন দেওয়া হয়েছে।জর্জের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠনের পক্ষে-বিপক্ষে বৃহস্পতিবার থেকেই পার্লামেন্টে বিতর্ক শুরু হয়। এর জের ধরে গতকাল সকালে ভোট হয়। এতে তদন্তের পক্ষে ২৬৫ ও বিপক্ষে ছয় ভোট পড়ে। একই অভিযোগে সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য পর্যাপ্ত ভোট পড়েনি।সুইজারল্যান্ডে এইচএসবিসি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, গ্রিসের এমন বেশ কয়েকজন নাগরিকের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। তালিকায় জর্জের অন্তত তিন আত্মীয়ের নাম রয়েছে। অভিযোগ উঠেছে তিনি ওই নামগুলো বাদ দেন। তবে জর্জ এই অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার পার্লামেন্টকে বলেন, ‘আমি ওই ধরনের কোনো কাজ করিনি। এর দরকার পড়েনি। কারণ আমার আত্মীয়রা কর পরিশোধ করেছেন এবং এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।’ এএফপি।