গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেটা ও রিয়ানার মন্তব্যের প্রতিবাদে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের বিক্ষোভ। ৪ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে
ছবি: এএফপি

ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।

ভারতের কৃষক আন্দোলন নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন বাগযুদ্ধ। রাজনৈতিক, কূটনৈতিক ও সামাজিক প্রতিটি ক্ষেত্রেই বিভাজন স্পষ্ট। সরকারের কাছে কৃষকদের এই আন্দোলন কতটা স্পর্শকাতর তার নতুন প্রমাণ দিল্লি পুলিশের আচরণ। মামলার অভিযোগে পুলিশ বলেছে, গ্রেটা থুনবার্গ ‘ফৌজদারি চক্রান্তে যুক্ত এবং ধর্মীয় জিগির তুলে ঘৃণা’ ছড়াচ্ছেন।

মার্কিন পপ গায়িকা রিয়ানা বা দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনের মেয়ে মীনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যেসব ব্যক্তি দীর্ঘ সময় ধরে চলা কৃষক আন্দোলনের পক্ষে মত প্রকাশ করেছেন, গ্রেটা থুনবার্গ তাঁদের অন্যতম। আজ আন্দোলনরত কৃষকদের সমর্থনে করা টুইটে পরবর্তী কর্তব্য সম্পর্কে সজাগ করে তিনি ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নিকটতম ভারতীয় দূতাবাসে বিক্ষোভ করার পরামর্শ দেন। এর পরেই দিল্লি পুলিশের অভিযোগ দাখিলের সিদ্ধান্ত। সেই খবর পাওয়ার পর থুনবার্গ আরও একটি টুইটে বলেন, ‘তবু আমি কৃষকদের পাশে থাকব এবং তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করব। কোনো ঘৃণা, হুমকি বা মানবাধিকার লঙ্ঘন আমাকে টলাতে পারবে না।’

কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক পরিচিতিসম্পন্ন বিশিষ্ট মানুষজনের সমর্থন করাকে কেন্দ্র করে গতকাল বুধবার ভারতের নাগরিক মহল দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। সেলিব্রিটি মহল থেকে পক্ষে–বিপক্ষে গাদা গাদা টুইট শুরু হয়। রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাতে যোগ দেন। শুরু হয় বিদেশিদের সমালোচনা। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযথা হস্তক্ষেপ’ না করার পরামর্শ দিয়ে টুইট–যুদ্ধে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ব্যক্তিবিশেষের টুইটের সমালোচনা করে নজিরবিহীনভাবে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। স্পষ্টতই, কৃষকদের আন্দোলন সরকার ও শাসক দলকে বিব্রত ও বিড়ম্বিত করে তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে তাদের মনোভাব জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রশ্নের জবাবে বলেছে, ‘শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর অধিকার প্রাণবন্ত গণতন্ত্রের নিদর্শন। ভারতের সুপ্রিম কোর্টও এই একই কথা বলেছেন।’ সব দলের একযোগে আলোচনার মাধ্যমে মতপার্থক্য মেটানো উচিত জানিয়ে মন্ত্রণালয় বলেছে, ‘ভারতীয় বাজারের কার্যকারিতা বাড়বে এবং আরও বেশি বেসরকারি লগ্নি আসবে, এমন পদক্ষেপ সাধারণভাবে যুক্তরাষ্ট্র সব সময় সমর্থন করে।’ বিবৃতিতে এ কথাও বলা হয়, ‘গণতন্ত্রে মতপ্রকাশের অধিকার জরুরি। এর মৌলিক শর্ত হলো ইন্টারনেটসহ সব ধরনের তথ্য পাওয়ার অধিকার।’ দিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকেও এই একই মন্তব্য জারি করা হয়।

দূতাবাসের মুখপাত্র ওই বিবৃতিতে একটি বাড়তি বাক্যে বলেন, ‘ব্যক্তিগত নাগরিকেরা তাঁদের অভিমত জানাচ্ছেন। তাঁদের মতামত নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
দেশজোড়া সমালোচনা সত্ত্বেও দিল্লির সীমান্তগুলোয় অবস্থানরত কৃষকদের ঘিরে ফেলার কর্মসূচিতে দিল্লি পুলিশ বিন্দুমাত্র ঢিলেমি দেয়নি। বরং কোথাও কোথাও ছোট ছোট রাস্তাগুলোয় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এতে স্থানীয় মানুষজনের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। বৃহস্পতিবার ১৫ জন বিরোধী সাংসদ গাজীপুর সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করতে যান। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়। সাংসদদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, এনসিপির সুপ্রিয়া সুলে, অকালি দলের হরসিমরত কৌর। তাঁরা বলেন, কৃষকদের আন্দোলন নিয়ে সংসদে এখনো আলোচনার অনুমতি মেলেনি। তাঁরা এসেছেন কৃষকদের দুর্দশা চাক্ষুষ করতে, যাতে সংসদ মারফত গোটা দেশকে জানানো যায়।

সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিরোধীরা সেই সুযোগে কৃষক আন্দোলন নিয়ে সরকারের ‘উদাসীনতার’ প্রসঙ্গ তুলছেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ান পরোক্ষে প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখন স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। অথচ কেউ একজন বলেছিলেন, আব কি বার, ট্রাম্প সরকার!’