যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সিটি হলের বাইরে অবস্থান নেওয়া ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীদের সরে যেতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু বিক্ষোভকারীরা অবস্থান ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, তাঁরা গ্রেপ্তার হতে প্রস্তুত।স্থানীয় সময় গত রোববার মধ্যরাতের মধ্যে বিক্ষোভকারীদের অবস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।লস অ্যাঞ্জেলেসের পুলিশপ্রধান চার্লি বেক বলেন, পুলিশের কর্মকর্তারা প্রতিবাদকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান ছেড়ে যেতে উৎসাহিত করবেন। তিনি বলেন, তবে সম্ভবত কিছু লোককে গ্রেপ্তার করতে হতে পারে।সিটি হলের বাইরে ৪৮৫টি তাঁবু গেঁড়ে অবস্থান করছেন ওয়াল স্ট্রিটবিরোধী আন্দোলনকারীরা।চার্লি বেক লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, তাঁর এমন কোনো অলীক ভাবনা নেই যে সবাই অবস্থান ছেড়ে যাচ্ছেন। তাঁরা ধারণা করছেন, কিছু লোককে গ্রেপ্তার করতে হতে পারে। তবে পুলিশের কর্মকর্তারা প্রথমে শক্তি প্রয়োগ করবেন না।অনেক আন্দোলনকারী বলছেন, তাঁরা অবস্থান ছেড়ে যাবেন না এবং তাঁরা গ্রেপ্তার হতে প্রস্তুত। বিক্ষোভকারী উইল পিকার্ড বলেন, তাঁদের পরিকল্পনা হচ্ছে তাঁবু উচ্ছেদের চেষ্টা প্রতিহত করা। এর অর্থ যদি হয় গ্রেপ্তার হওয়া, তবে তাই হোক।নগরের মেয়র বলেছেন, তিনি আশা করছেন, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ এড়ানো যাবে। মেয়র অ্যান্টোনিও ভিলারাইগোজা বলেন, যাঁরা তাঁবু গেঁড়েছেন, তাঁদের কাছ থেকে তিনি সহযোগিতার মনোভাব আশা করছেন।তবে চলতি সপ্তাহের শুরুতে মেয়রের অবস্থান ছেড়ে যাওয়ার আহ্বান এক বিবৃতিতে নাকচ করে দেন বিক্ষোভকারীরা। বিবিসি অনলাইন।