
ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। সাম্প্রদায়িক সহিংসতার কারণে সেখানে আরোপিত সান্ধ্য আইন (কারফিউ) গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘণ্টার জন্য শিথিল করা হয়। এদিকে, সতর্কতা হিসেবে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
সহিংসতাকবলিত মুজাফফরনগরের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। নতুন করে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সহিংসতায় গত সপ্তাহে জেলায় অন্তত ৩৮ জন প্রাণ হারায়। এ ছাড়া পার্শ্ববর্তী মেরুত এলাকায় দুজন এবং হাপুর, বাগপাত, সাহারাপুর ও শামলি এলাকা থেকে একটি করে মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে মৃতের মোট সংখ্যা ৪৪ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় সেনা মোতায়েনে বাধ্য হয়। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অরুণ কুমার বলেন, গ্রেপ্তার কার্যক্রম এখনো চলছে। স্থানীয় প্রশাসন প্রায় দুই হাজার বৈধ অস্ত্র জব্দ করেছে এবং নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে।
গতকাল কিছু দোকানপাট খুলতে দেখা গেলেও স্থানীয় সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে। কারফিউ গত বুধবারও সাময়িক শিথিল করা হয়েছিল।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) নেতা অজিত সিংহ ওই সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে রাজ্য সরকার জনগণের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ‘উত্তর প্রদেশের নরেন্দ্র মোদি’ হওয়ার চেষ্টা করছেন। গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ন্ত্রণে মোদির সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছিল। অজিত সিংয়ের মন্তব্যের জবাবে মুলায়ম বলেন, উত্তর প্রদেশের মানুষ ন্যায়বিচার পাবে। মুজাফফরনগর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের কাওয়াল গ্রামে ২৭ আগস্ট এক হিন্দু তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে এক মুসলিম যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে, একই দিন দুই হিন্দু যুবক খুন হয়। এর পর থেকেই দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।