গ্রেপ্তারের আশঙ্কায় বুশের সুইজারল্যান্ড সফর বাতিল
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। এই সফরে সুইজারল্যান্ডের জেনেভায় একটি দাতব্য প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বন্দী নির্যাতনের অভিযোগে সেখানে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কায় বুশ সফরটি বাতিল করেছেন। গত রোববার বুশের মুখপাত্র ডেভিড শেরজার বার্তা সংস্থা এপিকে এক ই-মেইল বার্তায় এ কথা নিশ্চিত করেছেন। ১২ ফেব্রুয়ারি জেনেভায় ওই দাতব্য সংস্থার অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ার কথা ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। তবে সুইস সরকারের ওপর চাপ দেওয়া হচ্ছে, বুশ সুইজারল্যান্ডে গেলে তাঁর বিরুদ্ধে যেন ফৌজদারি তদন্ত শুরু এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।জেনেভার আদালত সূত্রে জানা গেছে, আদালতে বুশের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় ফৌজদারি অভিযোগ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, তারা জেনেভায় আদালতে বুশের বিরুদ্ধে আড়াই হাজার পৃষ্ঠার দীর্ঘ একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। গুয়ানতানামো বে বন্দিশিবিরে আটক ব্যক্তিদের ওপর নির্যাতন চালানোর ঘটনায় এই অভিযোগ আনতে যাচ্ছে তারা। সুইজারল্যান্ডে বামঘেঁষা গোষ্ঠীগুলোও বুশের সফরের দিনে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়। তবে সুইস বিচার বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে এখনো বেশ কিছু কূটনৈতিক সুবিধা পেতে পারেন বুশ।গত নভেম্বরে প্রকাশিত আত্মজীবনীতে এবং টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বুশ স্বীকার করেছেন, জিজ্ঞাসাবাদের কৌশল হিসেবে ‘ওয়াটার বোর্ডিং’-এর মতো কঠোর নির্যাতনমূলক পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক আইনেও এই পদ্ধতিতে জিজ্ঞাসাবাদকে নির্যাতন হিসেবে গণ্য করা হয়। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।