নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে যথাযথ প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের যেভাবে গ্রেপ্তার করা হয়, তাঁর ক্ষেত্রেও একই আচরণ করা হয়েছে। গ্রেপ্তারের পর দেবযানীকে কফি পান করতে দেওয়া হয়।
কূটনীতিক দেবযানীকে গ্রেপ্তার-পরবর্তী প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে। মার্কিন অ্যাটর্নি প্রট বাহারারা গতকাল বুধবার দেওয়া বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তারের সময় দেবযানীর প্রতি যে আচরণ করা হয়েছে, তা অনেক ক্ষেত্রেই কোনো মার্কিন নাগরিকের প্রতিও করা হয় না। গ্রেপ্তারের আগে তাঁকে প্রয়োজনীয় ফোনালাপ করার সুযোগ দেওয়া হয়েছে। দুই ঘণ্টার মতো সময় দেওয়া হয়েছে ব্যক্তিগত বিষয় সামাল দেওয়ার জন্য। দেবযানীকে তাঁর শিশু সন্তানের সামনে হাতকড়া পরানো হয়নি এবং ওই তল্লাশির সময় বিধি অনুযায়ী নারী নিরাপত্তা কর্মীদের ব্যবহার করা হয়েছে।
দেবযানী গ্রেপ্তার ও জামিনে মুক্তি পাওয়ার পর এর প্রতিক্রিয়া নিয়ে সাধারণ মার্কিনরাও বিভ্রান্ত। কূটনৈতিক উত্তেজনা ও ভারতের প্রতিক্রিয়া ফলাও করে প্রচারিত হচ্ছে মার্কিন মিডিয়ায়। পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করলেও দেবযানীর গ্রেপ্তারকে যুক্তরাষ্ট্রের আইনের স্বাভাবিক প্রয়োগ বলে উল্লেখ করেছেন।
দণ্ডযোগ্য অপরাধের জন্য কূটনৈতিক দায়মুক্তি খুবই সীমাবদ্ধ যুক্তরাষ্ট্রের আইনে। আইনজীবীরা বলছেন, কূটনৈতিক সুবিধা গ্রহণ করে মিথ্যা তথ্য দিয়ে গৃহকর্মীর জন্য যুক্তরাষ্ট্রের ভিসা গ্রহণ এবং প্রতিশ্রুত পারিশ্রমিক প্রদান না করা এখানকার আইন অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ। আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই দেবযানীর বিপক্ষে মামলা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার ও জামিন দেওয়া হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে দেবযানীকে গতকাল বুধবার জাতিসংঘ মিশনে বদলির আদেশ জারি করেছে। অতিরিক্ত কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার জন্য জামিনে থাকা দেবযানীকে জাতিসংঘ মিশনে বদলি করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারি হারফ জানিয়েছেন। এ ধরনের বদলির পর জাতিসংঘ সদর দপ্তর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে অবহিত করা হয়। উভয় পক্ষের মূল্যায়নের পরই এ ধরনের বদলির আদেশ গ্রহণ করা হয়ে থাকে।
জাতিসংঘ মিশনে দেবযানীর যোগদানের বিষয়ে জাতিসংঘ সদর দপ্তর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হোয়াইট হাউসের মুখপাত্র জে কারনি বলেছেন, দেবযানীর গ্রেপ্তার ও এ নিয়ে ভারতের প্রতিক্রিয়া একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে দুই দেশের গভীর সম্পর্কের অবনতির কোনো অবকাশ নেই।