গ্রেপ্তারের পর পুলিশ সদর দপ্তরে মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার দেশটির পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। দুই দিনের রিমান্ডে তাঁকে পুলিশ সদর দপ্তরেই রাখা হবে। মোশাররফের একজন মুখপাত্র এসব কথা জানান। পাকিস্তানে সাবেক কোনো সেনাপ্রধানকে গ্রেপ্তার করার ঘটনা এটাই প্রথম।গণমাধ্যমের খবরে বলা হয়, মোশাররফকে তাঁর খামারবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে নেওয়া হলে আদালত খামারবাড়িকে সাব-জেল ঘোষণা করে সেখানেই মোশাররফকে দুই দিন রিমান্ডে রাখার নির্দেশ দেন। তবে দেশটির প্রভাবশালী পত্রিকা ডন-এর খবরে বলা হয়, মোশাররফ গতকাল সকালে ইসলামাবাদের বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে দুই দিনের রিমান্ড দেন। মোশাররফের মুখপাত্র মোহাম্মদ আমজাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদালতের নির্দেশের কয়েক ঘণ্টা পর গতকাল মোশাররফকে ইসলামাবাদে পুলিশের সদর দপ্তরে নেওয়া হয়। তাঁকে সেখানকার অতিথিকক্ষে রাখা হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে সদর দপ্তর থেকে আদালতে নেওয়া হবে। আমজাদ জানান, ইসলামা-বাদের আদালত কাল রোববার মোশাররফকে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। তাঁর আইনজীবীরা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন।মোশাররফ ক্ষমতায় থাকার সময় ২০০৭ সালে দেশের শীর্ষস্থানীয় বিচারকদের বন্দী করা হয়। এর বিরুদ্ধে করা মামলায় গত বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন তিনি। আদালত জামিন নামঞ্জুর করলে ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নিয়ে দ্রুত আদালত চত্বর ছেড়ে যান তিনি। এরপর সাবেক এই সেনাশাসককে গ্রেপ্তার করা হলো।পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, তদন্তের স্বার্থে পারভেজ মোশাররফকে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানান পুলিশের ওই কর্মকর্তা।গ্রেপ্তার হওয়ার আগে নিজের খামারবাড়িতে অবস্থানের সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মোশাররফ লিখেছেন, ‘সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। আমি এর বিরুদ্ধে আদালতে লড়াই চালিয়ে যাব।’বিশ্লেষকেরা বলছেন, গ্রেপ্তারের কারণে মোশাররফের রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গেল। এর আগে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে তাঁর দাখিল করা চারটি মনোনয়নপত্র একে একে বাতিল হয়ে যায়। গণতন্ত্র ব্যাহত করায় মোশাররফের বিচারের পক্ষে সিনেট: গণতন্ত্র ব্যাহত করার অভিযোগে মোশাররফকে বিচারের আওতায় আনতে একটি প্রস্তাব পাস করেছে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। গতকাল শুক্রবার সর্বসম্মতিক্রমে সিনেটে এই প্রস্তাব পাস হয়। রয়টার্স, এএফপি, ডন।