গ্লোবাল থিঙ্কার্সের তালিকায় ষষ্ঠ স্থানে মালালা
তালেবানের হামলার শিকার পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের নাম টপ গ্লোবাল থিঙ্কার্স ১০০-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় মালালার নাম ষষ্ঠ স্থানে রয়েছে। গত সোমবার ফরেন পলিসি সাময়িকী ১০০ জনের নামের তালিকা প্রকাশ করে। এবারের তালিকায় বাক্স্বাধীনতার জন্য কথা বলতে গিয়ে যাঁরা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন, তাঁদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় পাকিস্তানের চারজনের নাম রয়েছে। মালালা তাঁদের মধ্যে অন্যতম। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আগে রয়েছে মালালা। ওবামার অবস্থান সপ্তম। ১৫ বছর বয়সী মালালা তালেবানের নারীশিক্ষাবিরোধী অবস্থানের বিপক্ষে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। ২০০৯ সালে মাত্র ১১ বছর বয়সে বিবিসির উর্দু সার্ভিসে তালেবানের বিরুদ্ধে একটি ডায়েরি লেখা শুরু করে আলোচিত হয়েছিল মালালা। গত ৯ অক্টোবর তালেবান জঙ্গিরা মালালার মাথায় গুলি চালায়। দ্য এক্সপ্রেস টিবিউন, ডন।