গ্লোরিয়া অ্যারোইয়ো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োকে গতকাল শুক্রবার ম্যানিলার একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এর আগে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ আনেন। অভিযোগ প্রমাণিত হলে অ্যারোইয়োর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।অ্যারোইয়োর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ, ২০০৭ সালের নির্বাচনে সিনেটের একটি আসনে নিজের একজন সমর্থককে জয়ী করতে ভোট জালিয়াতির নির্দেশ দিয়েছিলেন তিনি।গ্লোরিয়া অ্যারোইয়ো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।অ্যারোইয়ো বলেন, তিনি হাড়ের অসুখে ভুগছেন এবং এ জন্য বিশেষ চিকিৎসা নিতে তাঁর বিদেশ যাওয়া প্রয়োজন। পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট জেমস বুকাইয়ো হাসপাতালে সাংবাদিকদের বলেন, হাসপাতাল ছাড়ার মতো সুস্থ না হওয়া পর্যন্ত অ্যারোইয়ো হাসপাতালেই থাকতে পারবেন। তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাঁর কক্ষের বাইরে পুলিশের পাহারা বসিয়েছি।’এর আগে সরকার অ্যারোইয়োর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। চলতি সপ্তাহের শুরুতে সুপ্রিম কোর্ট এ নিষেধাজ্ঞা খারিজ করে দেন। আদালতের আদেশের পর অ্যারোইয়ো বিমানবন্দরে গেলেও সরকার তাঁকে বিদেশে যেতে বাধা দেয়।কয়েক মাস ধরে ধারণা করা হচ্ছিল, অ্যারোইয়োর বিরুদ্ধে ভোট জালিয়াতি কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ আনা হতে পারে।অ্যারোইয়ো আবারও বিদেশে যাওয়ার চেষ্টা করবেন বলে বিভিন্ন খবরে বলা হচ্ছিল। এরই মধ্যে নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এএফপি, বিবিসি।