গড়ে উঠছে চাভেজের স্বপ্নের শহর
বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে নয় মাস কাটানোর পর এখন একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন ডেভিয়ানা প্যাডরন। এ জন্য তাঁকে কোনো অর্থকড়ি দিতে হয় না। একটি বেকারিতে কাজও পেয়েছেন, ছেলেমেয়েকে ভর্তি করিয়ে দিয়েছেন স্কুলে। ভেনেজুয়েলার উপকূলীয় শহর কারিবিয়া। দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ শহরটিকে বলিভারিয়ান সমাজতান্ত্রিক বিপ্লবের ‘মডেল সিটি’ বলে উল্লেখ করেছেন। চাভেজের চূড়ান্ত পরিকল্পনা হলো সমাজতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পের মাধ্যমে ডেভিয়ানার মতো এক লাখেরও বেশি মানুষের আবাসনের ব্যবস্থা করা। অবশ্য, এটা চাভেজের আগামী নির্বাচন সামনে রেখে নিম্ন ও মধ্য আয়ের মানুষের সমর্থন আদায়ের চেষ্টার একটি উদাহরণ। চলতি বছরের ৭ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে জয়ী হলে চাভেজ হবেন তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট।আপাতত তাঁর সামনে বাধা আইনজীবী হেনরিক ক্যাপরিলস। মধ্যপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে হেনরিক বেশ জনপ্রিয়। ব্যবসায়ীদের মধ্যে হেনরিকের যেমন জনপ্রিয়তা, তেমনি গ্রামীণ ও সুবিধাবঞ্চিতদের মধ্যে রয়েছে চাভেজের জনপ্রিয়তা। ২০১০ সালে ভয়াবহ বন্যায় ভেনেজুয়েলার হাজার হাজার ঘরবাড়ি ভেসে যায়। বাস্তুহারা হয় প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ। ডেভিয়ানা (৪১) তাদেরই একজন। কারাকাসের এই নারী বন্যার পর কারিবিয়ায় আশ্রয় নিয়েছেন। সরকারি সহায়তা পাওয়ার প্রতিক্রিয়ায় ডেভিয়ানা বলেন, ‘আমার জীবনটাই বদলে গেছে। আমি একটু অন্য রকম মানুষ। সাধারণত আগ বাড়িয়ে কিছু করা পছন্দ করি না। কিন্তু এখানে (কারিবিয়া) আসার পর আমি সবার সঙ্গে কথা বলছি, আনন্দ-দুঃখ ভাগাভাগি করছি, কাজ করছি। লোকজনও আমার কথা শুনছে।’ডেভিয়ানা যে বেকারিতে কাজ করেন, সেখানকার রুটির দাম অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শুধু এই কারখানা নয়, বন্যার পর থেকে ভেনেজুয়েলার সব কারখানার রুটির দামই অর্ধেক করে দিয়েছে সরকার।গত আগস্ট থেকে অন্তত পাঁচ হাজার লোক আশ্রয়কেন্দ্র থেকে কারিবিয়ার অ্যাপার্টমেন্টে উঠেছে। প্রতিটি অ্যাপার্টমেন্টে চারটি পর্যন্ত শয়নকক্ষ রয়েছে। এই মুহূর্তে কাউকে ভাড়া পরিশোধ করতে হচ্ছে না। তবে সরকারের পরিকল্পনা, পরবর্তী সময়ে আয় অনুসারে বাসিন্দাদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে। এই বাসিন্দাদের জন্য স্কুল প্রতিষ্ঠা ছাড়াও সরকার শিশুসদন, স্বাস্থ্যকেন্দ্র, বাজার, জামাকাপড়ের দোকান করে দিয়েছে। স্বামী-সন্তান নিয়ে রাজধানী কারাকাসে ছিলেন ডেভিয়ানা। কিন্তু জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ের কারণে এখন আর সেখানে ফিরতে চান না। স্বামী আর চার সন্তান নিয়ে নতুন ঠিকানায় সুখেই আছেন তিনি। ডেভিয়ানা বলেন, ‘কারাকাসে আমার কিছুই নেই। আমার জীবন এখন এখানেই।’ তবে কারিবিয়ায় এই সুখ কত দিন টিকবে, তা নিয়ে শঙ্কিত তিনি। কেননা আগামী নির্বাচনে চাভেজ পুনর্নির্বাচিত না হলে এই ‘ছোট্ট স্বর্গ’ নাও টিকতে পারে। নতুন কেউ প্রেসিডেন্ট হলে সরকারের এই প্রকল্পের সর্বনাশই হবে বলে আশঙ্কা কারিবিয়ার বাসিন্দাদের। ক্যারিবিয়ার আরেক বাসিন্দা কার্লোস সিলভা (৪৭) বলেন, ‘ঈশ্বরের কৃপায় চাভেজ সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের প্রার্থনা। তিনি মরে গেলে সব শেষ; এখানকার সবকিছুই কঠিন হয়ে উঠবে।’ কারিবিয়ায় এখন পর্যন্ত প্রায় ৮০০ অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে; পরিকল্পনা আছে ২০ হাজার তৈরি করার। সিলভা বলেন, ‘আমি এখানে শান্তিতেই আছি। ঈশ্বর ও চাভেজকে ধন্যবাদ। আমরা একটি নতুন শহরের পত্তন করেছি। আমরা এর যত্ন নিলে এটি নিরাপদই থাকবে।’ এএফপি।