ঘটকালির রমরমা ব্যবসা
অভিভাবকদের রীতিমতো ঘুম হারাম হয়ে যাওয়ার দশা! মেয়ের বিয়ের বয়স পেরিয়ে মা হওয়ার সময়ও ফুরিয়ে আসছে, কিন্তু সুপাত্রের খোঁজ নেই। ছেলেদের অবস্থা আরও করুণ! চেহারায় তারুণ্যের ছাপ ধুয়েমুছে বার্ধক্য উঁকি দিতে শুরু করলেও বিয়ের নামগন্ধ নেই! ২০২০ সাল নাগাদ চীনের ২ কোটি ৪০ লাখেরও বেশি তরুণকে বিয়ের বয়সে এসেও সঙ্গীহীন থাকতে হবে।এ অবস্থায় মনের মানুষের খোঁজ দিতে এগিয়ে এসেছে ঘটকালি প্রতিষ্ঠান। সবাই হুমড়ি খেয়ে ছুটছে এসব প্রতিষ্ঠানে। পছন্দের মাপকাঠিতে মনমতো না মিললেও বিয়ের ব্যবস্থাটা তো হচ্ছে! ১৯৭৮ সালে চীনের সংবিধানে এক সন্তানের বিষয়টি অন্তর্ভুক্ত করার পর থেকেই চীনে নারী-পুরুষের অনুপাতে অসমতা দেখা দেয়। চীনে বর্তমানে ১০০ মেয়ে শিশুর বিপরীতে ১১৯টি ছেলে শিশু জন্মগ্রহণ করে। দেশটির কোথাও কোথাও পুরুষ ও নারীর অনুপাত ১৩০ অনুপাত ১০০।বিয়ের উপযোগী বিপুলসংখ্যক ছেলেমেয়ের কারণে দেশটিতে ঘটকালি ব্যবসা দিন দিন রমরমা হয়ে উঠছে। একই সঙ্গে পছন্দের মানুষ খুঁজে বের করার টিভি অনুষ্ঠানগুলোও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।‘ডেটিং শো’ নামে পরিচিত এসব টিভি অনুষ্ঠান তরুণ-তরুণীদের মনের মানুষ খুঁজে বের করার ব্যবস্থা করে দিচ্ছে। এমনকি জনপ্রিয় হয়ে উঠেছে দেশটির ডেটিং ওয়েবসাইটগুলো। গড়ে উঠেছে ডেটিং সেলুন। রয়টার্স।