গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত এবং সমঝোতা প্রক্রিয়া ত্বরান্বিত করতে শ্রীলঙ্কার ওপর চাপ প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রদূত এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল সিসন ভারত মহাসাগরের এই দেশটির নিন্দা জানিয়ে বলেন, গত মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে কথা হয়।২০০৯ সালে তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধের পরিসমাপ্তির পর থেকে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে অবাধ ও আন্তর্জাতিক তদন্তের আহ্বান বারবার প্রত্যাখ্যান করে আসছে শ্রীলঙ্কা। জাতিসংঘের একটি প্যানেল জানিয়েছে, গৃহযুদ্ধের শেষ পর্যায়ে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের অধিকাংশই তামিল। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয়বারের মতো সমঝোতা বৈঠক করে জাতিসংঘ। বৈঠকে যুদ্ধের সময়, বিশেষত চূড়ান্ত পর্যায়ে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে একটি গ্রহণযোগ্য তদন্তের ব্যাপারে সিংহলি-অধ্যুষিত শ্রীলঙ্কাকে আহ্বান জানানো হয়। রয়টার্স।