ঘনিষ্ঠতা নাকি শুধুই খেয়াল রাখা

গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে এক নারীর ছবি প্রকাশ করেছে গুলাইল নামের একটি ওয়েবসাইট। ২০০৫ সাল থেকেই মোদির সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি করেছে অনুসন্ধানমূলক ওয়েবসাইটটি।
গুলাইল ওয়েবসাইটে এর আগে মোদির সহযোগী অমিত শাহ এবং গুজরাটের বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা জি এল সিংলালের মধ্যে কথোপকথনের একটি অডিও প্রকাশ করেছিল।
ওয়েবসাইটটি গত বৃহস্পতিবার প্রকাশিত ছবিগুলো ২০০৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত কুচ শারদ উৎসবের। শাহ ও সিংলালের মধ্যে ওই কথোপকথন মতে, ‘শাহিব’-এর নির্দেশনায় ২০০৯ সালে মাধুরীর (আসল নাম নয়) ওপর রাজ্য পুলিশ গোয়েন্দাগিরি শুরু করে। মাধুরীর বাবা প্রেমলাল ও বিজেপির দাবি, প্রেমলালই ২০০৯ সালে তাঁর মেয়ের দিকে ‘খেয়াল রাখতে’ মোদিকে অনুরোধ করেছিলেন। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছে গুলাইল। এতে বলা হয়, মাধুরীর ওপর নজরদারির শুরুর অন্তত পাঁচ বছর আগেই মাধুরীকে মোদি চিনতেন, এই ছবিগুলোই তার প্রমাণ। টাইমস অব ইন্ডিয়া।