ঘর বাঁধতে চান প্রিন্স হ্যারি

ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি বলেছেন, রাজকীয় দায়িত্বের ‘চাপ ভাগাভাগি’ করতে তিনি জীবনসঙ্গী ও সন্তান চান। তবে এখনো উপযুক্ত নারীর খোঁজ তিনি পাননি। নিউজিল্যান্ডে গতকাল সোমবার হ্যারি তাঁর এ চাওয়ার কথা জানিয়েছেন। খবর এএফপির।
এক দশক ধরে সেনাবাহিনীতে চাকরি করেছেন প্রিন্স হ্যারি। বর্তমানে তিনি নিউজিল্যান্ডে অবকাশ যাপন করছেন। গত সপ্তাহে বড় ভাই উইলিয়ামের দ্বিতীয় সন্তান প্রিন্সেস শার্লটের জন্মের পর নিজের ঘর বাঁধার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে বলে জানান হ্যারি।
স্কাই নিউজ টেলিভিশনকে হ্যারি বলেন, ‘অবশ্যই এই মুহূর্তে আমি একটি শিশু পেলে খুশি হব। তবে এর জন্য একটি প্রক্রিয়া রয়েছে এবং ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই ভ্রমণ বেশ মজার। আশা করি, আমি নিজের জন্য সঠিক কাজটিই করতে যাচ্ছি। চাপ ভাগাভাগি করার জন্য আমার পাশে কেউ থাকলে সেটা দারুণ হবে।’
গত বছর প্রেমিকা ক্রেসিডা বোনাসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন ৩০ বছর বয়সী প্রিন্স হ্যারি। তাঁকে ‘দ্য পার্টি প্রিন্স’ বলে তকমা লাগানোর জন্য ক্রেসিডা বোনাসের তীব্র নিন্দা করেন হ্যারি। হ্যারি বলেন, ‘আমি এটা কোনোভাবেই চাইনি।’
আগামী মাসে সেনাবাহিনী থেকে পদত্যাগ করার পর নতুন কিছু করার চেষ্টা করবেন বলে জানান হ্যারি। তিনি বলেন, ভাই উইলিয়াম এবং তিনি দুজনই সাধারণ লোকদের সঙ্গে কাজ করে জীবিকা অর্জন করতে চান। সাধারণ মানুষের মতো আচরণের জন্য এরই মধ্যে নিউজিল্যান্ডে প্রশংসা কুড়িয়েছেন হ্যারি।
হ্যারি বলেন, ‘আমরা দুজনই অনুভব করি, মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের সাধারণ মানুষের সঙ্গেই কাজ করে পারিশ্রমিক নেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি বড় ধরনের অবদান রাখতে চাই এবং এ ব্যাপারে যদি আমরা গুরুত্ব দিই, তবে আমাদের অবশ্যই সাধারণ মানুষের পাশাপাশি কাজ করা প্রয়োজন।’