ঘর ভাঙছে চার্লস কেনেডি ও সারাহর
ব্রিটেনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা চার্লস কেনেডির ঘর ভাঙছে। আট বছর সংসার করার পর সারাহ গারলিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁর। এই দম্পতির আইনজীবীরা গত সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। কেনেডি ১৯৮৩ সালে মাত্র ২৩ বছর বয়সে হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন। তিনিই ব্রিটেনের সর্বকনিষ্ঠ এমপি। সারাহ গারলিংয়ের সঙ্গে কেনেডির পরিচয় ১৯৯৮ সালে এবং ২০০২ সালে হাউস অব কমন্সের একটি কক্ষে ঘটা করে তাঁদের বিয়ে হয়। ২০০৫ সালে ব্রিটেনে সাধারণ নির্বাচনের সময় এই দম্পতির প্রথম ছেলেসন্তান ডোনাল্ডের জন্ম হয়। রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পার্টির দায়িত্ব নেন কেনেডি। কিন্তু অতিরিক্ত মদ্যপানের অভিযোগে সাধারণ নির্বাচনের এক বছর পর তাঁকে দলীয় নেতার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়। আইনজীবীদের বিবৃতটিতে বলা হয়, গভীর বেদনার সঙ্গে কেনেডি দম্পতি বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, চার্লস কেনেডি এই সিদ্ধান্তকে তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় হিসেবে গণ্য করেন। তাই এ ঘটনায় আর কোনো মন্তব্য করা হবে না। দ্য টেলিগ্রাফ।