ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে সহিংসতার কারণে কয়েকটি গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। কিছু বাড়িঘরে গতকাল সোমবারও আগুন জ্বলতে দেখা গেছে।
মুজাফফরনগরের ফুগানা গ্রামে হিন্দু ও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন কংগ্রেস দলের অভিযোগ, প্রধান বিরোধী দল বিজেপি গুজরাটের মতো মুজাফফরনগরে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।
মুজাফফরনগর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের কাওয়াল গ্রামে ২৭ আগস্ট এক হিন্দু তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে এক মুসলিম যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন দুই হিন্দু যুবক খুন হয়। এর পর থেকেই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওই ঘটনায় গত শনিবার কাওয়াল গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি গ্রামে পঞ্চায়েত সভা হয়। সভা শেষে ফেরার পথে কাওয়ালে হামলার শিকার হয় একটি সম্প্রদায়ের লোকজন। এরপর সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার ফুগানা গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে সহিংসতা ছড়িয়ে পড়ে। শনিবার গভীর রাতে ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সহিংসতার কারণে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত রোববার সকালে ফুগানা গ্রামে হিন্দু-মুসলিম সংঘাত হয়। গ্রামটিতে অন্তত ২০ হাজার হিন্দু ও মাত্র দুই হাজার মুসলিম বসবাস করে। গতকাল মুসলিমদের অনেক ঘরবাড়ি জনশূন্য ছিল। কোনো কোনো ঘরবাড়ি আগুনে জ্বলছিল।
এ ঘটনায় কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি গতকাল নয়াদিল্লিতে বলেন, মোদি এখনো বিজেপি থেকে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেননি। এর মধ্যেই মুজাফফরনগরে হিন্দু-মুসলিম সংঘাত বেধেছে। বিজেপি উত্তর প্রদেশকে গুজরাটে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় বিজেপির চারজন বিধায়ক ও কংগ্রেসের সাবেক পার্লামেন্ট সদস্যসহ এক হাজার ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে বিজেপি নেতা হুকুম সিং, এমএলএ সুরেশ রানা, ভরতেন্দু, সংগীত সোম এবং কংগ্রেসের সাবেক সাংসদ হরেন্দ্র মালিককে আসামি করা হয়েছে। পিটিআই ও এনডিটিভি।