ঘরে ফিরতে আকুল কাশ্মীরের হিন্দুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দূরে ক্ষীরভবানীর মন্দির। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে, এ মন্দিরে শান্তি ও সুরক্ষার দেবীর অধিষ্ঠান। ১৯৮৯ সালে কাশ্মীরে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র আন্দোলন শুরু হওয়ার আগে প্রতিবছরের ‘জ্যৈষ্ঠ অষ্টমী’তে (মে-জুন) এখানে হাজার হাজার ভক্ত ও সাধু সন্ন্যাসী মহোৎসবে মিলিত হতেন। মানবজাতির শান্তি কামনায় অষ্টপ্রহর চলত পূজা-অর্চনা। সরকারি বাহিনী ও জঙ্গিদের মধ্যে সশস্ত্র লড়াইয়ের কারণে ভক্তদের আনাগোনা গত দুই দশকে অনেক কমে এসেছিল। কিন্তু এ বছর ব্যতিক্রম ঘটেছে। এবারের উৎসবে গত শনিবার হাজার হাজার হিন্দু পণ্ডিত ও সাধু ক্ষীরভবানীর মন্দিরে সমবেত হন। লক্ষ্যণীয় ব্যাপার হলো, আগতদের একটা বিশাল অংশ ছিল নির্বাসিতরা। অর্থাৎ দুই দশক আগে জঙ্গিদের সশস্ত্র সংগ্রামের কারণে যেসব হিন্দু পণ্ডিত ও সাধু অন্য রাজ্যে আশ্রয় নিয়েছিলেন, তাঁরা এ বছর যোগ দিয়েছেন ওই উৎসবে। একই সঙ্গে তাঁরা আবার বাপ-দাদার ভিটেমাটিতে ফিরে আসার আশা ব্যক্ত করেছেন। তাঁরা বলছেন, কাশ্মীর নিয়ে এখন ভারত ও পাকিস্তান উভয়ই সহনশীল অবস্থানে রয়েছে। সহিংস ঘটনা অনেক কমে এসেছে। তাই এখন তাঁরা পিতৃপুরুষের ভিটেমাটিতে ফিরতে চান।জন্মভূমি ছেড়ে মহারাষ্ট্রের পুনেতে আশ্রয় নেওয়া ৫২ বছর বয়সী রবীন্দর সাধু জানালেন, ‘কাশ্মীরে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। আমি হূদয় দিয়ে তা অনুভব করছি। বুঝতে পারছি আমার ঘরে ফেরার, মুসলিম ভাইদের সঙ্গে মিলেমিশে বাস করার সময় এসেছে।’২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক চরম শীতল পর্যায়ে চলে আসে। দুই দেশের সম্পর্ক আবার সহজ হতে শুরু করেছে। চলতি মাসেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, কয়েক বছরের মধ্যে গত বছর কাশ্মীরে সবচেয়ে কম সহিংস ঘটনা ঘটেছে।এ কারণেই বাস্তুচ্যুত অন্তত চার হাজার পরিবার আবার তাদের ভিটেমাটিতে ফেরার জন্য কাশ্মীর সরকারের কাছে আবেদন জানিয়েছে।গত শনিবার উৎসব চলাকালে ক্ষীরভবানীর মন্দিরের বাইরে মুসলিম শিশুদের ফুল-ফল বিক্রি করতে দেখা গেছে। আর তাদের কাছ থেকে ফুল-ফল কিনে হিন্দু পূজারিরা দেবীর পায়ে অঞ্জলি আর প্রসাদ দিয়েছেন। এ সময় কোনো সহিংস ঘটনা ঘটেনি। ত্রয়োদশ শতকে কাশ্মীরে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশ করলেও ১৯৪৭ সালের দেশ বিভাগের আগ পর্যন্ত সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। তবে ভারত ও পাকিস্তান—উভয়ের দাবির কারণে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। দুই দশক হানাহানিতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছেন অনেক মানুষ, যাদের অধিকাংশ হিন্দু ।নির্বাসিত পণ্ডিতদের নেতা অশোক ভাট বলেছেন, দুই দশক অনেক সময়। এ ছন্নছাড়া জীবনের অবসান এখনই হওয়া উচিত। রয়টার্স।